বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ডুবে প্রাণ গেল দুই জেলের
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে ঢেউয়ের ঝাপটায় মাছ ধরার একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকাটির ভেতর আটকে পড়ে দুই জেলের মৃত্যু হয়েছে।
উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে গতকাল বুধবার রাত ১০টা দিকে মহেশখালী জেটিঘাটে তাঁদের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেন ওই নৌকায় থাকা অন্য জেলেরা।
মারা যাওয়া দুই জেলে হলেন নেছার মিয়া (৩৭) ও আরিফ উল্লাহ (২৫)। তাঁরা কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শেখ কামাল জানিয়েছেন।
দুই জেলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কক্সবাজার শহরের নোনিয়ারছড়া এলাকার বাসিন্দা মো. পারভেজের মালিকানাধীন নৌকায় এক সপ্তাহ আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান নেছার মিয়া, আরিফ উল্লাহসহ ১৪ জেলে। মঙ্গলবার রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে ঢেউয়ের ঝাপটায় নৌকাটি ডুবে যায়। ১২ জেলে জীবিত অবস্থায় তীরে ফিরতে পারলেও দুজন নিখোঁজ থাকেন। গতকাল অন্যান্য নৌকার সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করেন জেলেরা। এরপর গতকাল রাত ১০টার দিকে দুই জেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন তাঁরা।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই প্রথম আলোকে বলেন, ওই নৌকায় থাকা বাকি ১২ জেলে জীবিত অবস্থায় কূলে ফিরে আসতে পেরেছেন। ঘটনাস্থল সমুদ্রে হওয়ায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।