৩৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারের দায়িত্ব পায় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির ২৪টি স্থানে গর্ত ও ধস আছে এখনো।
বছরখানেক আগে ২২২ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি সংস্কার করা হয়। কিন্তু নতুন সড়কটির বিভিন্ন স্থান ধসে যাচ্ছে। বৃষ্টি হলেই সড়কের কোনো না কোনো স্থানে বড় ধরনের গর্ত তৈরি হচ্ছে।
গত এক মাসেরও কম সময়ে ৩৪ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে ৬০–৭০টি গর্তের সৃষ্টি হয়। অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান বেশ কিছু গর্ত ভরাট করেছে। তবে এখনো ২৪টি স্থানে গর্ত আছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কাজের মান ঠিক না থাকায় এক বছর যেতে না যেতেই সড়কটির এই হাল হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাজবাড়ী সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী সদরের চরলক্ষ্মীপুর আহম্মদ আলী মৃধা কলেজ এলাকা থেকে পাংশা উপজেলার শেষ প্রান্ত মাছপাড়া ইউনিয়নের শেয়ালডাঙ্গী পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ করা হয়েছে। ৩৩ দশমিক ৩৯ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের এ কাজের চুক্তি মূল্য ছিল ২২১ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার টাকা। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজের দায়িত্ব পায়।
ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি হলো মীর হাবিবুল আলম ও শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। ২০১৮ সালের ২২ মে কার্যাদেশ দেওয়া হয়। কাজের মেয়াদ ছিল ২০২০ সালের জুন মাস পর্যন্ত। পরে কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের মার্চ মাসে কাজ সম্পন্ন করা হয়।
২২ মে সরেজমিন দেখা যায়, সড়কের পাশে থাকা নতুন মাটিতে বিভিন্ন ঘাস ও গাছ রোপণ করা হয়েছে। গত ঈদের বৃষ্টিতে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় ধসে যাওয়া গর্তগুলো ভরাট করে দেওয়া হয়েছে। তবে নতুন করে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার অন্তত ২৪টি পয়েন্টে ধস দেখা দিয়েছে। কালভার্ট বা সেতুর সংযোগে বেশি ধসের ঘটনা ঘটেছে।
কোথাও পাকা অংশের মাটি ধসে নিশ্চিহ্ন হয়ে পড়েছে। কোথাও সড়কের পিচ ধসে গেছে। এ আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করে। ধসে যাওয়া জায়গাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে যানবাহনের চালকদের।
নতুন রাস্তায় এত গর্ত কেন—জানতে চাইলে মীর হাবিবুল আলমের ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক রফিকুল হাসান প্রথম আলোকে বলেন, ‘কাজের মান খারাপ হয়নি। আমরা নিয়ম মেনে কাজ করেছি। রাস্তা থেকে পানি নেমে যাওয়ার জন্য ড্রেন করে দেওয়ার ব্যবস্থা নকশায় ছিল না। প্রচুর বৃষ্টি হওয়ায় সড়কের দুই পাশে গর্ত হয়েছে। এতে সড়কের কোথাও কোথাও ভেঙে গেছে। আমরা এরই মধ্যে ৫০ থেকে ৬০টি গর্ত ভরাট করেছি। অন্য গর্তগুলোও পর্যায়ক্রমে ভরাট করে দেব।’
রাজবাড়ী সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ বলেন, বৃষ্টি হলে সড়করের কোনো কোনো অংশে ধসে যাওয়া অস্বাভাবিক নয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ধসে যাওয়া অংশ ভরাট করে দিতে বলা হয়েছে। তাঁরা পর্যায়ক্রমে এসব গর্ত ভরাট করে দেবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কে কাজের শুরু থেকেই বিভিন্ন স্থানে ধসে যাচ্ছে। গত বছরও বিভিন্ন স্থানে ধসে যায়। পরে বালু দিয়ে তা ভরাট করা হয়। তবে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ঘাস লাগিয়েছেন। এতে ধস এবার কম হচ্ছে।
কালুখালী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, আগে এ রাস্তার বিভিন্ন অংশে ভাঙা ছিল। সড়কের মাঝখানে গর্ত ছিল। কোথাও উঁচু ঢিবি ছিল। এতে প্রায়ই ছোটখাটো যানবাহন উল্টে যেত।
ট্রাকের এক্সেল ভেঙে দাঁড়িয়ে থাকত। আবার গর্তে জমে থাকা বৃষ্টির পানি গাড়ির চাকায় ছিটে এসে পথচারীর পোশাক নষ্ট হয়ে যেত। আর ধুলোবালু তো ছিলই। এখন রাস্তা ভালো, কিন্তু বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে ধসে যাচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।