শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক
বছরজুড়ে সড়কে কাদা
একদিকে কাদা, অন্যদিকে লাগাতার ট্রাক চলাচলের কারণে সৃষ্ট যানজট। ফলে এ সড়ক দিয়ে এখন পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর।
এখন শীতকাল। বৃষ্টি নেই। কিন্তু নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কৃষ্ণের চর বাজার থেকে দুর্গাপুর পৌর শহরের উপজেলা মোড় পর্যন্ত অংশ দেখলে মনে হবে যেন হাল চষা জমি। কোথাও কোথাও বিরাট গর্ত, জমে আছে নোংরা পানি। কোথাও থিকথিকে কাদায় একাকার। যানবাহন চলাচল করলে এসব কাদাপানি ছিটে পড়ছে পথচারীদের গায়ে অথবা সড়কর আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালু এখন তাঁদের দুঃখের বড় কারণ। দিন–রাত মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এসব ভেজা বালু ট্রাকভর্তি করে এ রাস্তার ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বালুভর্তি ট্রাক থেকে বালু আর পানি চুইয়ে কাদায় ভরে যাচ্ছে সড়ক। একদিকে কাদা, অন্যদিকে লাগাতার ট্রাক চলাচলের কারণে সৃষ্ট যানজট। ফলে সড়ক দিয়ে এখন পায়ে হেঁটে চলাচলও কষ্টকর।
সড়ক দিয়ে কয়েক শ ট্রাক চলাচল করায় যানজট হচ্ছে। ট্রাক থেকে পানি আর বালু পড়ে কাদায় সয়লাব হচ্ছে সড়ক।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, আড়াই বছর আগে নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর উপজেলা মোড় পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার সড়কটি মহাসড়কে উন্নীত করা হয়। এ জন্য ব্যয় হয় ৩১৬ কোটি টাকা। কিন্তু নতুন সড়কটি উদ্বোধনের পরই ভেজা বালুভর্তি ট্রাক চলাচল শুরু হয়। এ কারণে সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে কৃষ্ণের চর বাজার থেকে দুর্গাপুর পৌর শহরের উপজেলা মোড় পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক।
স্থানীয় ব্যক্তিরা বলেন, সোমেশ্বরী নদী থেকে বালু ভর্তি করে প্রতিদিন ওই সড়ক দিয়ে কয়েক শ ট্রাক, ডাম্প ট্রাক ও লরি চলাচল করে। ফলে সড়কটি বেহাল। বিশেষ করে বিরিশিরি, উতরাইলবাজার, কারচারী মোড়, এমপির মোড়, নাজিরপুর মোড়, কালীবাড়ি মোড়, তেরিবাজার মোড়, কলেজ রোড ও উপজেলা মোড়ের অবস্থা বেশি খারাপ।
বিরিশিরি এলাকার বাসিন্দা ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী আঁখি আক্তার ও সুমাইয়া আক্তার বলেন, সড়কটি খারাপ হওয়ায় অটোরিকশা বা রিকশা পাওয়া যায় না। তাঁদের এখন দুই-তিন কিলোমিটার পথ হেঁটে কাদা মাড়িয়ে কলেজে যেতে হয়।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সড়কের এ রকম পরিস্থিতিতে ব্যবসাপ্রতিষ্ঠানে কমে গেছে বেচাকেনা। লোকসানের মুখে পড়েছেন অসংখ্য দোকানি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন আন্দোলন করলেও, কাজ হচ্ছে না। দুর্গাপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক উত্তম রায় বলেন, দুর্গাপুর শহরের প্রধান রাস্তা দিয়ে কয়েক শ ট্রাক চলাচল করায় সড়কে যানজট হচ্ছে। পাশাপাশি ট্রাক থেকে পানি আর বালু পড়ে কাদায় সয়লাব হচ্ছে সড়ক। তাঁরা বেশ কয়েকবার দোকানপাট বন্ধ করে ধর্মঘট পালন করেছেন। কিন্তু প্রশাসন আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল আহসান বলেন, উপজেলা প্রশাসন মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ও ভেজা বালুভর্তি ট্রাক-লরিকে জরিমানা করেন। গত বৃহস্পতিবার পাঁচটি ভেজা বালুভর্তি ট্রাককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি পৌর শহরের ভেতর দিয়ে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ, হর্ন না বাজানো, ভেজা বালু পরিবহন না করা, সড়কে পড়ে থাকা বালু পরিষ্কার করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।