বছরের প্রথম দিনে তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। জেঁকে বসেছে শীত। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, আগামী কয়েক দিন এই এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শুক্রবার বছরের প্রথম দিনে সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। এর আগে ২০২০ সালের এই সময়ে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে এই তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় পঞ্চগড়সহ এর আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। তবে গত বৃহস্পতিবার থেকে হঠাৎ করে তেঁতুলিয়ার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দেশে ৬ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।
এদিকে উত্তরের হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়ছে এই জনপদের মানুষ। রাতভর কুয়াশা থাকলেও সকালের দিকে তা কমে যায়। রোদ দেখা দেওয়ায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল হাওয়ার কারণে দিনভর তীব্র শীতের আমেজ বিরাজ করে।
পঞ্চগড় সদর উপজেলার কৃষিশ্রমিক হাসিবুল ইসলাম বলেন, বাতাসের কারণেই ঠান্ডা বেশি লাগে। এ ছাড়া রাতের ঠান্ডা বাতাস কাঁচা ঘরের বাঁশের বেড়ার ছিদ্র দিয়ে ঘরে ঢোকে। কনকনে ঠান্ডায় কাজে যেতেও অসুবিধা হয়।