বছরের শুরুতেই স্থায়ী ক্যাম্পাসে ইস্ট ডেল্টা
নগরের খুলশী পাহাড়ের পাদদেশে নিজস্ব জমিতে তৈরি করা হচ্ছে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। আগামী বছরের শুরুতেই এটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। এতে রয়েছে পাঁচ থেকে আট হাজার শিক্ষার্থীর ধারণক্ষমতাসম্পন্ন প্রশাসনিক ভবন। আছে ৫০ থেকে ৬০ হাজার বইয়ের বিশাল গ্রন্থাগার, ১১টি ইঞ্জিনিয়ারিং ল্যাব, ১০০টি ব্যবহারিক ক্লাস।
প্রতিটি শ্রেণিকক্ষে যেন অন্তত ৩৫ জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসে আরও থাকবে ছাত্রীদের জন্য পৃথক প্রার্থনাঘর, টিভি কক্ষ, ইনডোর গেমস সুবিধা। এ ছাড়া গ্রন্থাগার ও ক্যাফেটেরিয়া তৈরি করা হচ্ছে দ্বিতল আকারে। পাশাপাশি খোলা আকাশের নিচে একটি বড় থিয়েটারও স্থাপন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু হলে উচ্চশিক্ষার ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে নতুনভাবে আস্থার জায়গা তৈরি হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘২০১৬ সালের শুরুতেই বিদ্যাপীঠটি শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠবে। বর্তমান সময়ে উচ্চশিক্ষা নিয়ে স্বস্তিতে নেই শিক্ষার্থী ও অভিভাবকেরা। ভালো মানের একটি প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে মেধাবী শিক্ষার্থীদের গুণগত শিক্ষায় এগিয়ে নিতে ইস্ট ডেল্টা এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করছে।’ বিজ্ঞপ্তি