খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের হারের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের মধ্যে এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর আগে গত ৩০ মে এক দিনে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এদিকে সর্বোচ্চ শনাক্তের দিনে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা সাড়ে ৩৪ হাজার ছাড়িয়েছে। নতুন করে মারা গেছেন ৩ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৫৯১ ও মারা গেছেন ৬৪৮ জন। শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে মেহেরপুরে। যশোরে শনাক্তের সংখ্যা সাত হাজারের বেশি।
গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬০ জন সুস্থ হয়েছেন। বিভাগে করোনা আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩১ হাজার ৪১৮ জন। সুস্থতার হার প্রায় ৯১ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, গত ৩০ দিনে বিভাগে ৩ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৭০ জন মারা গেছেন। গত ১০ দিনে মারা গেছেন ৩৪ জন।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৯১ জন (নগরে ৮০) খুলনা জেলার বাসিন্দা। এ ছাড়া বাগেরহাটে ১১ জন, যশোরে ৮৪, সাতক্ষীরায় ৩৫, নড়াইলে ৫, মাগুরায় ৩, মেহেরপুরে ১৬, চুয়াডাঙ্গায় ১৮, ঝিনাইদহে ৬ ও কুষ্টিয়ায় ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ১০ হাজার ৩১৫ রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৯৯ জন।
করোনা হাসপাতাল ১০০ শয্যার। এর চেয়ে রোগী বেশি এলেও চিকিৎসাব্যবস্থা প্রস্তুত আছে। রোগীর চাপ বাড়লে করোনা ইউনিট-২ চালু করার জন্য প্রস্তুতিও রয়েছে।
এ ছাড়া বাগেরহাটে শনাক্তের সংখ্যা ১ হাজার ৬১৪, চুয়াডাঙ্গায় ১ হাজার ৯৮৬, যশোরে ৭ হাজার ১৪, ঝিনাইদহে ২ হাজার ৯১৪, কুষ্টিয়ায় ৪ হাজার ৯৭৭, মাগুরায় ১ হাজার ২৫৬, মেহেরপুরে ১ হাজার ৬, নড়াইলে ১ হাজার ৮৭৮ ও সাতক্ষীরায় ১ হাজার ৬৩১ জন।
বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বাসায় আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৫২৫ জন। এর মধ্যে খুলনার ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৭২ জন। এর মধ্যে ১২ জন আইসিইউতে। এই হাসপাতালে ২৫ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন সুহাস রঞ্জন হালদার প্রথম আলোকে বলেন, করোনা হাসপাতাল ১০০ শয্যার। এর চেয়ে রোগী বেশি এলেও চিকিৎসাব্যবস্থা প্রস্তুত আছে। রোগীর চাপ বাড়লে করোনা ইউনিট-২ চালু করার জন্য প্রস্তুতিও রয়েছে। আইসিইউ শয্যা আগে ১০টি থাকলেও গত রোববার থেকে শয্যা ২০টি করা হয়েছে। সঙ্গে রোববার থেকে ১০ শয্যার এইচডিইউ চালু করা হয়েছে।