বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাত
ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর হয়েছে। এতে আহত হয়েছেন তার বাবা। আজ রোববার সকালে উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কিশোরের নাম মো. সাজ্জাদ হোসেন (১৬)। সে পূর্ব ডোমখালী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে। বজ্রপাতে তার বাবা মোশারফ হোসেনও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সাজ্জাদদের প্রতিবেশী মো. শহিদুল্লাহ বলেন, আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশের মাঠে বাবার সঙ্গে আউশ ধানের চারা লাগানোর কাজ করছিল সাজ্জাদ। এ সময় হঠাৎ তীব্র শব্দে বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হন তার বাবা মোশারফ হোসেন। স্থানীয় লোকজন তাকে মাঠ থেকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, বাবার সঙ্গে মাঠে ধানের চারা লাগানোর সময় বজ্রপাতে স্কুলশিক্ষার্থী সাজ্জাদ হোসেনের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলেটির বাবাও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।