বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পৃথক বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় মারা গেছে পাঁচটি গরু। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্নিবাড়ী ও কুতুবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
নিহতেরা হলেন, কর্নিবাড়ী ইউনিয়নের ডাকাত মারা চরের আমিরুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী ফেলানী খাতুন (৩৮) এবং কুতুবপুর ইউনিয়নের চর বাটিয়া গ্রামের সুমন মিয়া (৩২)।
আহতেরা হলেন, কর্নিবাড়ী ইউনিয়নের ডেবডাঙ্গা এলাকার আবদুল মমিনের মেয়ে তানিয়া আকতার (১৫) ও কালীতলা এলাকার তবিবর রহমানের ছেলে সুমন মিয়া (১৮)। তানিয়া স্থানীয় নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আহত অন্যজন হলেন, উপজেলার বাগবের এলাকার নিঝুম (১৪)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আমিরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফেলানী খাতুন তাঁদের পাঁচটি গরু গোসল করানোর জন্য যমুনা নদীর পাড়ে নিয়ে যান। এ সময় গরুসহ বজ্রপাতের শিকার হন তাঁরা। ঘটনাস্থলেই গরুগুলো মারা যায়। আর স্থানীয়রা আমিরুল ও ফেলানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় একই সময় কুতুবপুর ইউনিয়নের চর বাটিকা গ্রামে নিজের বাড়ির পার্শ্ববর্তী যমুনা নদীতে জাগ দেওয়া পাটের আঁশ ছড়াচ্ছিলেন সুমন মিয়া। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বেলা দেড়টার দিকে তিনি বজ্রপাতের শিকার হন। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, প্রায় একই সময় নিজ নিজ এলাকায় বজ্রপাতে তানিয়া আকতার ও সুমন মিয়া আহত হন। তাঁরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে বিকেলের দিকে বজ্রপাতের শিকার নিঝুমের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। নিঝুমের নামটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কাছ থেকে জানা গেছে।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, হাসপাতালে বজ্রপাতে আহত তিনজন ভর্তি রয়েছে। এর মধ্যে নিঝুমের অবস্থা বেশ খারাপ। হাত-পা নড়াচড়া করতে পারছে না। তাঁকে কিছুক্ষণ আগে হাসপাতালে আনা হয়েছে। সুমনও গুরুতর আহত। তবে তাঁর অবস্থা নিঝুমের চেয়ে কিছুটা ভালো। তানিয়া শঙ্কামুক্ত।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম আমিন বলেন, বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ যে তিনজন মারা গেছেন তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে আবদুল বারিক (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ দুপুরে কচুগাড়ী মাঠে গভীর নলকূপের বিদ্যুতের সুইচ চাপ দিতে গিয়ে এই ঘটনা ঘটে। আবদুল বারিকের মৃত্যুর বিষয়টি নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর নিশ্চিত করেছেন।