বজ্রপাতের পূর্বাভাস জানাতে সিলেটে বসছে রাডার স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের সরকারি অর্থ সহায়তা জনপ্রতি ৫০ হাজার টাকা করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন। গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে।  ছবি: প্রথম আলো
বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের সরকারি অর্থ সহায়তা জনপ্রতি ৫০ হাজার টাকা করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন। গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। ছবি: প্রথম আলো

বজ্রপাতের পূর্বাভাস পেতে সিলেটে রাডার স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বিভাগের ১৮টি উপজেলায় বসানো হবে স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার। এদিকে বজ্রপাতে প্রাণহানির ঘটনায় সরকারি অর্থসহায়তা ৫০ হাজার টাকা করার দাবিতে সিলেটে গতকাল মানববন্ধন হয়েছে।

সুনামগঞ্জের হাওরাঞ্চলসহ সিলেট অঞ্চলে একের পর এক বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতেই সিলেটে রাডার স্টেশন স্থাপন এবং বিভাগের ১৮টি উপজেলায় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের এই সিদ্ধান্ত এল। এর ফলে আবহাওয়ার ও বজ্রপাতের বিষয়ে আগাম তথ্য জানা যাবে।

গতকাল মঙ্গলবার সুনামগঞ্জে বজ্রপাতে একসঙ্গে পাঁচজনের প্রাণহানির পর প্রতিকারমূলক কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বজ্রপাতের বিষয়ে সতর্কতায় সারা দেশে ২০০টি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ১৮টি হবে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায়। এ সিদ্ধান্ত হওয়ায় আবহাওয়া অধিদপ্তর এখন বজ্রপাতপ্রবণ উপজেলা চিহ্নিত করার কাজ শুরু করেছে।

সিলেটের আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের পূর্বাভাস পেতে এখন সারা দেশে চারটি রাডার স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে একটি হচ্ছে সিলেটে। এর স্থান নির্ধারণ করা হয়েছে সিলেট বিমানবন্দর। আর বিভাগের ১৮ উপজেলায় যে স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার বসানো হবে, তার মূল সার্ভার থাকবে সিলেটের শাহি ঈদগাহ আবহাওয়া কার্যালয়ে। এর মাধ্যমে উপজেলা পর্যায়েও আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে।

আবহাওয়া পর্যবেক্ষকেরা বলছেন, আগে জেলা পর্যায়ে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হতো। কিন্তু জেলা শহরের সঙ্গে উপজেলার আবহাওয়ার তারতম্য হয়। নতুন উদ্যোগের ফলে উপজেলা পর্যায়েও আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। এসব পূর্বাভাস স্বয়ংক্রিয়ভাবে সিলেট আবহাওয়া কার্যালয়ে পৌঁছে যাবে। পরে তা মুঠোফোন একটি অ্যাপের মাধ্যমে প্রদর্শিত হবে।

‘বিএমডি ওয়েদার’ অ্যাপ

বজ্রপাতের সতর্কতায় প্রায় আট মাস আগে বজ্রপাত শনাক্তকরণ যন্ত্র (লাইটেনিং ডিটেকটিভ সেন্সর) আবহাওয়া অধিদপ্তরে বসানো হয়েছে। এর মূল সার্ভার বসানো হয়েছে ঢাকায়। ঢাকা থেকেই এটি নিয়ন্ত্রণ করা হয়। যন্ত্রটির সহায়তায় সারা দেশে একটি চক্র গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে দেশে কোন জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তার পূর্বাভাস পাওয়া যায়। অ্যান্ড্রয়েডভিত্তিক মুঠোফোনে ‘বিএমডি ওয়েদার’ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তাহলে আগাম বজ্রপাত ও আবহাওয়া বার্তা জেনে নেওয়া যাবে। এ বিষয়ে প্রচারণা শুরু করেছে সিলেটের আবহাওয়া অধিদপ্তর।

অর্থসহায়তা বাড়ানোর দাবি

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাওরে ধান কাটতে বা মাছ মারতে যাচ্ছেন মানুষ। এ জন্য ঘরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় থাকেন পরিবারের সদস্যরা। কারণ, ওই মানুষটির ওপরই নির্ভরশীল গোটা পরিবার। সেই ব্যক্তি আকস্মিক বজ্রপাতে মারা গেলে সরকারি অর্থসহায়তা জুটছে মাত্র ১০ হাজার টাকা। এ সহায়তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।

গতকাল বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে এই আহ্বান জানিয়েছে ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’ নামের একটি সংগঠন। হাওরাঞ্চলে বজ্রপাতে একের পর এক মৃত্যুর পরিপ্রেক্ষিতে বিকেলে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিভিন্ন নাগরিক সংগঠনের নেতারা।