বড় বোনের নামে আদালতে সাক্ষী দিতে গিয়ে ছোট বোন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে বড় বোনের নামে সাক্ষী দেওয়ার সময় জান্নাতুল ফেরদৌস (৩২) নামের এক নারীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি ধরা পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জান্নাতুল ফেরদৌস জেলা শহরের পশ্চিম মেড্ডা মার্কাজপাড়া এলাকার মৃত নূর-এ মুসলিমের মেয়ে। তিনি মামলার প্রকৃত সাক্ষী আলেয়া বেগমের ছোট বোন।
আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেলে জমিজমাসংক্রান্ত একটি মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য গ্রহণ চলছিল। এতে বাদীপক্ষে আলেয়া বেগম নামের এক নারীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এ সময় এক নারী নিজেকে আলেয়া বেগম পরিচয় দিয়ে আদালতের এজলাসে সাক্ষ্য দিতে ওঠেন। কিন্তু তাঁকে দেখে বিবাদীপক্ষের আইনজীবী উজ্জ্বল মিয়ার সন্দেহ হয়। এ সময় জেরার একপর্যায়ে ওই নারী যে আলেয়া বেগম নন, সেটি ধরা পড়ে যায়।
বিবাদীপক্ষের আইনজীবী উজ্জ্বল মিয়া বলেন, ‘সাক্ষী আলেয়া বেগম সবার কাছে পরিচিত। কিন্তু এজলাসে সাক্ষী দিতে আসা ওই নারী নিজেকে আলেয়া বলে পরিচয় দেন। এতে আমার সন্দেহ হয় এবং তাঁর পরিচয় নিয়ে আদালতে আপত্তি জানাই। এ সময় বিচারক তাঁকে পরিচয়পত্র দেখাতে বলেন। এ সময় আদালতকে তিনি আলেয়া বেগম নাম লেখা অস্পষ্ট ছবির একটি পরিচয়পত্র দেখান। পরে আদালত তাঁর আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের নির্দেশ দেন। একপর্যায়ে ওই নারী নিজের আসল পরিচয় দেন। এ ঘটনায় সন্ধ্যায় আদালতে একটি মামলা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, আদালত থেকে ওই নারীকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।