দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উত্তরাংশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার ক্ষেত্রে পানি ব্যবস্থাপনায় কোনো সমস্যা হবে না। উন্মুক্ত খনির কারণে ওই অঞ্চলে পানিশূন্যতা দেখা দেওয়া বা মরুকরণ-প্রক্রিয়া শুরু হওয়ার আশঙ্কাও অমূলক।
ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) তৈরি একটি সমীক্ষা প্রতিবেদন নিয়ে আয়োজিত কর্মশালায় বিশেষজ্ঞ-পেশাজীবীরা এ অভিমত ব্যক্ত করেন। গতকাল সোমবার সকালে পেট্রোবাংলার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বড়পুকুরিয়ায় বিদ্যমান কূপ বা সুড়ঙ্গ পদ্ধতির খনির উত্তরাংশে ভূপৃষ্ঠের ২০০ মিটারের মধ্যেই কয়লাস্তর আছে। উপযুক্ত পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেখান থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা যাবে কি না, তা নির্ধারণের জন্য সরকার আইডব্লিউএমকে সমীক্ষা পরিচালনার দায়িত্ব দিয়েছিল। প্রায় দুই বছর ধরে তারা ওই সমীক্ষা চালিয়ে প্রাথমিক প্রতিবেদন তৈরি করে। সেই প্রতিবেদন চূড়ান্ত করার জন্য কর্মশালার মাধ্যমে বিশেষজ্ঞ-পেশাজীবীদের মতামত নেওয়া হচ্ছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে কয়লানীতি চূড়ান্ত করার লক্ষ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মতিন পাটোয়ারীর নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি বড়পুকুরিয়ার উত্তরাংশে উন্মুক্ত পদ্ধতির খনি করার সুপারিশ করেছিল।
তবে দেশে পরিবেশবাদী, বামধারার রাজনীতিক ও সুশীল সমাজের একাংশ সব সময়ই উন্মুক্ত পদ্ধতির খনির বিরোধিতা করে আসছেন। এ ক্ষেত্রে তাঁরা পরিবেশ সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা, খাদ্য উৎপাদন, উদ্বাস্তু সমস্যা সৃষ্টিকে কারণ হিসেবে উল্লেখ করে থাকেন।
গতকালের কর্মশালায় উপস্থাপন করা প্রতিবেদনে পানি ব্যবস্থাপনার দুটি সম্ভাব্য পদ্ধতির উল্লেখ করা হয়। এক. পাম্প করে পানি অপসারণ। দুই. ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ মিটার গভীরতা পর্যন্ত দেয়াল (ইমপারমিয়েবল ব্যারিয়ার) তৈরি। এর মধ্যে দ্বিতীয় পদ্ধতিটি অনুসরণ করার পক্ষে মত আসে কর্মশালায়।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরূল ইমাম ও পানি উন্নয়ন বোর্ডের আনোয়ার জাহিদ এই পদ্ধতির সম্ভাব্যতা ও দীর্ঘ মেয়াদে বিরূপ প্রভাবের অবতারণা করেন। বদরূল ইমাম বলেন, ব্যারিয়ার তৈরি করে খনির অভ্যন্তরে পানির প্রবাহ রোধের সম্ভাবনা সম্পর্কে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা হওয়া উচিত। তবে প্রতিবেদনের অন্যতম উপস্থাপক মিজানুর রহমান বলেন, ২৫০ মিটার পর্যন্ত ব্যারিয়ার তৈরি করে সুষ্ঠুভাবে পানি ব্যবস্থাপনার নজির রয়েছে।
আইডব্লিউএমের প্রতিবেদনের আরেকজন উপস্থাপক গৌতম চন্দ্র মৃধা বলেন, খনি করার জন্য যে পরিমাণ পানি তুলতে হবে, তা সেচসহ নানা কাজে বর্তমানে যে পরিমাণ তোলা হয় তার চেয়ে খুব বেশি নয়। খনির উত্তরে ১৪ কিলোমিটার এবং অন্যান্য দিকে ১০ কিলোমিটার এলাকায় সাত মিটার পর্যন্ত এবং খনির কেন্দ্রস্থলে ৩০ মিটার পর্যন্ত পানি কমে যাবে।
এই এলাকাকে চারটি অঞ্চলে ভাগ করে গৌতম দেখান, এর মধ্যে ৪ নম্বর অঞ্চলে পানির স্তর সবচেয়ে বেশি কমবে। সেখানে খনি থেকে উত্তোলিত পানিই পাইপলাইনে করে সরবরাহ করা যাবে। ৩ নম্বর অঞ্চলে প্রচলিত টিউবওয়েলের পাইপ কিছুটা বেশি গভীরে স্থাপন করতে হবে, যা এখনো করা হয়। ১ ও ২ নম্বর অঞ্চলে কোনো সমস্যা হবে না।
আর যে পানি তোলা হবে, তা দিয়ে চার হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া যাবে। স্থানীয় পুকুর, নদী, খালেও কিছু পানি প্রবাহিত করা হবে। এভাবে উত্তোলিত পানির পুরোটাই ব্যবহার করা হবে। এই প্রক্রিয়ায় সাত বছরের মধ্যে পানির স্তর আগের অবস্থানে ফিরে আসবে।
আর যে মাটি অপসারণ করা হবে, কয়লা তোলার পর তা আবার ভরাট করা হবে। এভাবে পাঁচটি পর্যায়ে কয়লা তোলার পর চারটি ভরাট করে বনায়ন করা যাবে। একেবারে শেষেরটি থাকবে জলাশয় হিসেবে, যেটি মাছের চাষ, পর্যটন প্রভৃতি কাজে ব্যবহার করা যাবে।
গৌতম চন্দ্র মৃধা বলেন, তাঁদের সমীক্ষার পরও খনি করার জন্য অনেক বিষয়ে বিস্তারিত সমীক্ষা করতে হবে। এর মধ্যে পরিবেশগত প্রভাব নিরূপণ, খাদ্য উৎপাদনে প্রভাব, পুনর্বাসন, জীববৈচিত্র্য, অর্থনৈতিক লাভজনকতা, সামাজিক গ্রহণযোগ্যতা প্রভৃতি গুরুত্বপূর্ণ।
এই প্রতিবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেইন বলেন, সমীক্ষার ফলাফল উন্মুক্ত পদ্ধতির খনি করার ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে। এরপর পরবর্তী সমীক্ষাগুলো করে দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন করা উচিত হবে। তিনি বলেন, এ দেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য অনুযায়ী বড়পুকুরিয়া ও ফুলবাড়ীতে উন্মুক্ত খনি করা সম্ভব।
অধ্যাপক বদরূল ইমাম অবশ্য শুধু বড়পুকুরিয়ায় উন্মুক্ত খনি করা সম্ভব বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
আইডব্লিউএমের নির্বাহী পরিচালক অধ্যাপক মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন পেট্রোবাংলার নবনিযুক্ত চেয়ারম্যান নাজিমউদ্দিন চৌধুরী। বক্তব্য দেন পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মো. কামরুজ্জামান, বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান ও মহাব্যবস্থাপক হাবিবউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাহমিনা বেগম প্রমুখ।