বদরগঞ্জ পৌরসভা টানা ২২ বছর পর নতুন মেয়র পাচ্ছে
২২ বছর পর রংপুরের বদরগঞ্জ পৌরসভায় এবার নতুন একজনকে মেয়র হিসেবে নির্বাচিত করতে যাচ্ছেন পৌরবাসী। ১৯৯৯ সালে বদরগঞ্জকে পৌরসভা করা হয়। প্রথমে প্রশাসক হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহাকে নিয়োগ দেওয়া হয়। পরে চার মেয়াদে জনগণের প্রত্যক্ষ ভোটে তিনিই মেয়র হিসেবে নির্বাচিত হন।
শারীরিক সমস্যায় উত্তম কুমার সাহা এবারের পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে অপারগতা জানান। তাই এবার নতুন এক মেয়র পাচ্ছে পৌরবাসী।
২৮ ডিসেম্বর নির্বাচন। নির্বাচন ঘিরে এলাকায় বিরাজ করছে আমেজ। আজ শনিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণার শেষ দিন। তাই সকাল থেকে পৌর এলাকায় হেঁটে, মোটরসাইকেলে, মাইকে এমনকি মিছিল ও পথসভা করে নির্বাচনী প্রচারণার ইতি টেনেছেন প্রার্থীরা। পোস্টারে ছেয়ে আছে গোটা পৌর এলাকা। ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে গিয়ে মন জয় করার চেষ্টা করেছেন। এখন ভোটারের পালা। তাঁরা যাঁকে নির্বাচিত করবেন, তিনিই হবেন আগামী দিনের নতুন মেয়র।
শাহাপুর গ্রামের স্কুলশিক্ষক আলিমুদ্দীন বলেন, ‘২২ বছরে একজনই বদরগঞ্জ পৌরসভার প্রশাসক, চেয়ারম্যান ও মেয়রের দায়িত্বে ছিলেন। রাস্তাঘাটের কিছুটা উন্নতি তিনি করতে পারলেও পৌর এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাসহ পৌরবাসীকে পর্যাপ্ত সেবা দিতে পারেননি। তাই এবার নতুন যিনি মেয়র হবেন, তাঁর কাছে নাগরিক সেবা পাওয়ার প্রত্যাশায় আছি।’
থানাপাড়া গ্রামের মোস্তাফিজার রহমান বলেন, ‘২২ বছর পরে নতুন একজনকে মেয়র হিসেবে পাচ্ছি আমরা। নতুন মেয়রের কাছে আমাদের প্রত্যাশার শেষ নেই। তবে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, বদরগঞ্জ বাজারের আধুনিকায়ন, পয়োনিষ্কাশন ও বর্জ্য রাখার ব্যবস্থা, পৌর শিশুপার্কের আধুনিকায়ন, রাস্তাঘাটের উন্নয়ন, পৌরসভাকে দুর্নীতিমুক্তকরণ, খেলাধুলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পৌরশহরকে যানজটমুক্ত এবং মাদকের বিস্তার রোধে পদক্ষেপ গ্রহণসহ একটি মডেল পৌরসভা গঠনে নির্বাচিত নতুন মেয়র পদক্ষেপ নেবেন বলে আশা করছি।’
পৌর বাজারের কাপড় ব্যবসায়ী আবুবক্কর সিদ্দিক বলেন, ‘পৌর শহরে প্রধান সমস্যা এখন যানজট ও পাবলিক টয়লেটের। দেড় বছর ধরে পৌর বাজারে পাবলিক টয়লেট নেই। বদরগঞ্জ হাটবাজার প্রতিবছর পৌরসভা থেকে ইজারা দেওয়া হয় ২-৩ কোটি টাকায়। কিন্তু বাজারের তেমন উন্নয়ন হয়নি। এসব সমস্যার সমাধান যিনি করতে পারবেন, উন্নয়নের স্বার্থে তাঁকেই ভোট দেব।’
পকিহানা গ্রামের বাসিন্দা সজীব মিয়া বলেন, ‘পৌর শহরে লাইটিং ব্যবস্থার করুণ অবস্থা। শহর মাদকে ছেয়ে যাওয়ায় যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এসব থেকে রক্ষার জন্য ভালো মানুষকে ভোট দিয়ে এবার নতুন মেয়র করতে চাই।’
শাহাপাড়া গ্রামের কলেজশিক্ষার্থী সানজিদা আক্তার বলেন, ‘পৌর শহরের যানজটে অসহনীয় দুর্ভোগে পড়ি। ফলে নির্ধারিত সময়ে কলেজে যেতে পারি না। যানজট নিরসনে বর্তমান মেয়রের তেমন কোনো উদ্যোগ ছিল না। আমার ভোট না থাকলেও মা-বাবাকে বলেছি, যানজট নিরসনে কাজ করতে পারবেন, এমন একজন প্রার্থীকে ভোট দিতে।’
রিকশাচালক রফিকুল ইসলাম বলেন, ‘এবার আনন্দের শেষ নেই। কারণ ২২ বছর পর আমরা নতুন কাউকে মেয়র হিসেবে নির্বাচিত করতে পারছি। রিকশার নিবন্ধন দেয় পৌরসভা থেকে। সেই নিবন্ধন পেতে পৌরসভায় গিয়ে অনেক হয়রানি হতে হয়। তাই ভালো একজনকে ভোট দেব। যেন পৌরসভাকে দুর্নীতিমুক্ত রাখতে পারেন তিনি।’
শাহাপুর গ্রামের গৃহবধূ জিয়াছমিন আক্তার বলেন, ‘আমরা ট্যাক্স দিই, কিন্তু নাগরিক সুবিধা পাই না। বাড়ির আবর্জনা ফেলার কোনো ডাস্টবিন নেই। আশা করছি শিক্ষিত ও যোগ্য একজনকে আমরা নতুন মেয়র হিসেবে পাব।’
বালুয়াভাটা গ্রামের মোকছেদুল হক বলেন, ‘উত্তম কুমার সাহা ২২ বছর ধরে মেয়রের দায়িত্বে থেকে পৌরসভাকে দাঁড় করিয়েছেন। তাঁর ভুলত্রুটি আছে। তবে তিনি যে একজন মেয়র, এই ভাব কখনো তাঁর মধ্যে দেখিনি।’
বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার আওয়ামী লীগের আহাসানুল হক চৌধুরী ওরফে টুটুল (নৌকা), বিএনপির ফিরোজ শাহ (ধানের শীষ), ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক নারকেলগাছ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে আহসানুল হক চৌধুরীর সঙ্গে মূলত লড়াই হবে আজিজুল হকের। এর আগেও দুই মেয়াদে পৌর নির্বাচনে প্রার্থী ছিলেন আজিজুল হক।
পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘আমি ২২ বছরে পৌরসভাকে তিলে তিলে দাঁড় করিয়েছি। উন্নয়নমূলক অনেক কাজ করেছি। কিছু ভালো কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। প্রতি নির্বাচনে পৌর কাউন্সিলররা জামায়াত ও বিএনপি থেকে নির্বাচিত হওয়ায় তাঁরা আমাকে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেননি। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ আমি করতে পারিনি। এবার শারীরিক সমস্যার কারণে আমি নিজে দলীয় প্রার্থী হতে চাইনি। তবে পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, তাঁরা বারবার আমাকে টানা মেয়র হিসেবে নির্বাচিত করায়।’
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বদরগঞ্জ পৌরসভা। এখানে ভোটার ১৯ হাজার ৭৮২ জন। এদের মধ্যে পুরুষ ৯ হাজার ৭২২ ও নারী ১০ হাজার ৬০ জন।