বদরগঞ্জে চালকের গলা কেটে রিকশা ছিনতাইয়ের অভিযোগ
রংপুরের বদরগঞ্জে স্বপন মিয়া (১৭) নামের এক চালকের গলা কেটে হত্যার চেষ্টা চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বদরগঞ্জ থানার পুলিশ আজ সোমবার সকালে উপজেলার মুচিরহাট ডাঙ্গাপাড়া গ্রামের পাশে একটি সেতুর নিচ থেকে মুমূর্ষু অবস্থায় ওই কিশোর চালককে উদ্ধার করে। পরে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত স্বপন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইব্রাহীম নগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। থানা-পুলিশ ধারণা করছে, গতকাল রাতের কোনো এক সময়ে রিকশা নিয়ে যাওয়ার পথে ওই সেতু এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশাটি নিয়ে যায়।
ওই কিশোরের শ্বাসনালি কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল হুসাইন বলেন, ওই কিশোরের শ্বাসনালি কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অচেতন অটোরিকশাচালক স্বপন মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গলা কেটে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। জ্ঞান ফিরলে পুরো ঘটনা জানা যাবে। ওই কিশোরের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।