বদরগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
রংপুরের বদরগঞ্জে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম খোকন বাবু (২৭)। তিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ধনতলা গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে খোকন বাবু বাড়ির পাশের জমিতে পানি সেচ দেওয়া দেখতে যান। এ সময় জমির আইলে তাঁকে একটি সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে কলাগাছের ছাল দিয়ে তিনি ক্ষতস্থান বেঁধে বাড়িতে আসেন।
পরে খোকন বাবুর স্বজনেরা স্থানীয় একজন ওঝাকে বাড়িতে ডেকে আনেন। কিন্তু এতে তাঁর কোনো উপকার হয়নি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় ওঝা ডেকে চিকিৎসার নামে কালক্ষেপণ করা হয়েছে। সাপের কামড়ে মারা যাওয়ায় তাঁর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।