
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগমের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল সিলেট। এ জেলার বাইরে আরও কয়েকটি জেলায় গতকাল বৃহস্পতিবার নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
এ ছাড়া আন্দোলন থেকে বিরত থাকতে সিলেটে দুই ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের একজনকে কোপানোর হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গত সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা দিয়ে বের হওয়ার পথে চাপাতি দিয়ে খাদিজাকে কুপিয়ে আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল। পরে জনতা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার এই ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস সিলেটের শাহপরান থানায় হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে আসামি করে গত মঙ্গলবার মামলা করেছেন। পরদিন বুধবার বদরুলকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
প্রতিবাদ-বিক্ষোভ: সিলেটে খাদিজার গ্রামের বাড়ি হাউসা এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ মানববন্ধনে যোগ দেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী ছাড়াও শিক্ষার্থী ও এলাকাবাসী। এদিন সকালে মানববন্ধন করেন খাদিজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।
বদরুলের সর্বোচ্চ শাস্তি চেয়ে তৃতীয় দিনের প্রতিবাদ কর্মসূচির শেষ দিন গতকাল সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন তাঁরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে ন্যস্ত, খাদিজার সুচিকিৎসা নিশ্চিত ও তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করা ছাড়াও ছাত্রীদের নিরাপত্তায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়া শেষে ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে মিছিল করে দুপুর পৌনে ১২টায় চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হন। সেখানে চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে তাঁরা দীর্ঘ মানববন্ধন করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রীরা সেখানে আধা ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করেন।
গতকাল সারা দিন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন পালন করে।
দুই ছাত্রীকে হুমকির অভিযোগ: মহিলা কলেজ ছাত্রীদের আন্দোলনের মুখপাত্র ফজিলাতুন্নেসাসহ দুই ছাত্রীকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে। গতকাল দুপুরে কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফজিলাতুন্নেসা যখন বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন তাঁর মায়ের মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল করে ফজিলাতুন্নেসাকে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়। অন্যথায় তাঁকেও খাদিজার মতো কোপানোর হুমকি দেওয়া হয়। এর আগে সকালে কলেজের ডিগ্রি পরীক্ষার্থী সানজিদা নাহিদ সুলতানার মায়ের মুঠোফোনে একই ধরনের হুমকি দেওয়া হয়।
সুলতানার বাবা মো. আবুল বশির জানান, ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ পাহারায় সুলতানা এমসি কলেজে ডিগ্রি পরীক্ষার কেন্দ্রে গিয়ে গতকাল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিয়ে বাসায় ফেরেন। মহিলা কলেজের উপাধ্যক্ষ ফাহিম জিন্নুরাইন বলেন, মুঠোফোন নম্বরগুলো সংগ্রহ করে এ ব্যাপারে কলেজের পক্ষ থেকে পুলিশকে জানানো হবে।
দ্রুত বিচারের আশ্বাস শিক্ষামন্ত্রীর: খাদিজার পরিবারের সঙ্গে গত বুধবার বিকেলে সাক্ষাৎ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তাঁর সঙ্গে সিলেট ও হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ছিলেন। খাদিজার গ্রামের বাড়িতে থাকা মা মনোয়ারা বেগমসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বদরুল যে দলেরই হোক না কেন, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
অন্যান্য জেলায় বিক্ষোভ: সুনামগঞ্জ শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল দুপুরে পৌর শহরের পুরোনো বাসস্টেশন এলাকা থেকে মিছিল বের করে একই স্থানে মানববন্ধন করেন তাঁরা। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল বিকেলে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, বদরুল তাদের সংগঠনের কেউ নয়—ছাত্রলীগ এ কথা বলে দায় এড়িয়ে গেছে। অন্যান্য ঘটনাতেও তারা এ রকমই বক্তব্য দেয়। সরকার ও প্রশাসনের প্রশ্রয় পেয়েই সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তনু হত্যার যদি বিচার হতো, তবে এ ধরনের ঘটনার হয়তো পুনরাবৃত্তি হতো না।