বদলগাছিতে একটি পায়ের পর এবার মিলল মাথার খুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোবরচাঁপাহাটের সেতুর পাশে একটি কলাবাগান থেকে মাথার খুলিটি উদ্ধার করা হয়।

গত শনিবার বদলগাছির জগৎনগর গ্রামের ধানখেত থেকে বস্তাবন্দী অবস্থায় একটি পা উদ্ধার করা হয়েছিল। পরে গত মঙ্গলবার জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের তুলসীগঙ্গা নদীর শ্মশানঘাটি এলাকায় বস্তাবন্দী অবস্থায় মাথা ও হাত-পাবিহীন অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। মাথার খুলি ও পা আক্কেলপুরে মাথা, হাত-পাবিহীন উদ্ধার হওয়া লাশের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এক ব্যক্তি গোবরচাঁপাহাটের সেতুর পাশে ফসলি জমির খেতে কাজ করতে যান। তিনি পাশের জহুরুলের কলাবাগানে একটি বস্তার পাশে মাথার খুলি ও লম্বা চুল এবং চুল আটকানোর ক্লিপ পড়ে থাকতে দেখেন। তিনি সেখান থেকে ফিরে লোকজনকে ঘটনাটি জানান। এরপর তাঁরা ঘটনাটি বদলগাছি থানায় জানান। বেলা দুইটায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি উদ্ধার করে। খবর পেয়ে আক্কেলপুর থানা–পুলিশও ঘটনাস্থলে আসে।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোবরচাঁপাহাটের সেতুর পাশে একটি কলাবাগানে অজ্ঞাতনামা নারীর মাথার খুলি পাওয়া গেছে। এর আগে বস্তাবন্দী একটি পা উদ্ধার করা হয়। আক্কেলপুর থানা–পুলিশ মাথা ও হাত-পাবিহীন এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এই মাথার খুলি-পা আক্কেলপুরে উদ্ধার হওয়া ওই নারীর লাশের হতে পারে ধারণা করা হচ্ছে। মাথার খুলির ডিএনএ টেস্ট করা হবে। দুর্বৃত্তরা ওই নারীকে পরিকল্পতভাবে হত্যা করে লাশের শরীরের বিভিন্ন অংশ কেটে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দিয়েছে। লাশটি কেউ যেন চিহ্নিত করতে না পারে, সেই জন্য দুর্বৃত্তরা এই কাজ করছে।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু নেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘বদলগাছিতে এক নারীর মাথার খুলি পাওয়ার খবরে ঘটনাস্থলে গিয়েছিলাম। মাথার খুলিটি আমাদের থানা এলাকায় উদ্ধার হওয়া মাথা ও হাত-পাবিহীন লাশের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বদলগাছি থানা–পুলিশ উদ্ধার মাথার খুলির ডিএনএ টেস্ট করাবে। এরপর বিষয়টি পরিষ্কার হবে।’