বদলগাছিতে ধানখেত থেকে বস্তাবন্দী অবস্থায় একটি পা উদ্ধার
নওগাঁর বদলগাছিতে ধানখেত থেকে বস্তাবন্দী অবস্থায় একটি পা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জগৎনগর গ্রামের সড়কের পাশে একটি ধানখেত থেকে ওই পা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ধানখেতে মুখবাঁধা একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বস্তার গায়ে রক্ত লেগে থাকায় বস্তার ভেতরে লাশ আছে বলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন ঘটনাস্থলে ভিড় জমান।
পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে ডান পায়ের হাঁটুর নিচ থেকে কাটা অংশ দেখতে পায়। বস্তার ভেতর থেকে উদ্ধার হওয়া ওই পায়ের চামড়া খুলে গেছে বলে জানা গেছে। পরে পুলিশ বস্তাসহ ওই পা থানায় নিয়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বস্তাটি ধানখেতে ফেলে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বদলগাছির থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন প্রথম আলোক বলেন, দুর্বৃত্তরা কাউকে হত্যার পর তাঁর পা কেটে বস্তায় ভরে ধানখেতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই পায়ের ডিএনএ টেস্ট করা হবে।