বদলগাছিতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আরবি শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছিতে নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক আরবি শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ শনিবার সকাল আটটার দিকে শিক্ষককের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বদলগাছি থানায় মামলা করেছেন। ওই মামলায় আরবি শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজ বেলা ১টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু হাসান ওরফে রিকু (৩০)। তিনি আরবির শিক্ষক।

ক্ষুব্ধ গ্রামবাসী আবু হাসানকে ধরে এনে গাছে বেঁধে রেখে থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

গ্রামবাসী, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবু হাসান তাঁর বাড়িতে শিশুদের আরবি পড়াতেন। গ্রামের ৬-৭টি শিশু তাঁর কাছে আরবি শিখত। আজ সকাল আটটার দিকে এক শিশু আবু হাসানের বাড়িতে পড়তে যায়। এ সময় একা পেয়ে আবু হাসান শিশুটিকে ধর্ষণ করেন। তিনি ঘটনাটি কাউকে না বলতে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পৌঁছে দেন। সন্তানের পোশাকে রক্ত দেখে শিশুটির মায়ের সন্দেহ হয়। তখন জিজ্ঞেস করলে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে। শিশুটির মা গ্রামের লোকজনকে বিষয়টি জানিয়ে বিচার চান। ক্ষুব্ধ গ্রামবাসী আবু হাসানকে ধরে এনে গাছে বেঁধে রেখে থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

বদলগাছি থানার ওসি আতিকুল ইসলাম বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।