বদলে যাচ্ছে জীবন-জীবিকা

চরের ১৩৭টি গ্রামে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেব্‌লের মাধ্যমে দেওয়া হয়েছে বিদ্যুৎ–সংযোগ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ–সুবিধা পাওয়ার পর চরে স্থাপন করা হয়েছে লঞ্চ তৈরির কারখানা। সেখানে কাজ করছেন দুই শ্রমিক। সম্প্রতি নড়িয়ার নওপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

শরীয়তপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও বরিশালের ৯টি উপজেলার ২০টি ইউনিয়ন দুর্গম পদ্মা–মেঘনার চরে। এসব এলাকার মানুষকে নাগরিক সুযোগ-সুবিধা পেতে পাড়ি দিতে হয় নদীপথ। সেই চরবাসী এখন বিদ্যুতের আলোয় আলোকিত, যা তাঁদের কল্পনারও বাইরে ছিল। চরের ১৩৭টি গ্রামের বাসিন্দাদের নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেব্‌লের মাধ্যমে দেওয়া হয়েছে বিদ্যুৎ–সংযোগ। বিদ্যুৎ পেয়ে এসব এলাকায় জীবন-জীবিকায় পরিবর্তন আসছে।

পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া; জাজিরার কুন্ডেরচর, পূর্ব নাওডোবা; ভেদরগঞ্জের কাচিকাটা, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া; গোসাইরহাটের কোদালপুর, আলওয়ালপুর, কুচাইপট্টি; বরিশালের হিজলার গৌরবদী, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর দীঘিরপাড়, হাসাইল; চাঁদপুর সদরের রাজরাজেশ্বর, হাইমচরের নীলকমল, হাইমচর, গাজীপুর; মতলবের মোহনপুর, একলাসপুর ও জহিরাবাদ ইউনিয়ন পদ্মা ও মেঘনা নদীর চরে অবস্থিত। ইউনিয়নগুলোর ১৩৭টি গ্রামে জনবসতি রয়েছে। গ্রামগুলোতে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। সেখানে বিদ্যুৎ–সংযোগ স্থাপন করা ছিল দুরূহ ব্যাপার।

অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। পুরো চরাঞ্চলে শতভাগ মানুষকে বিদ্যুতের সেবার আওতায় আনার কাজ চলছে।
মোবারক উল্লাহ, মহাব্যবস্থাপক, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

এসব এলাকায় বিদ্যুৎ পৌঁছানো খুবই কঠিন কাজ ছিল বলে জানান, শরীয়তপুর–২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উৎসাহ দিতেন, যত দুর্গম এলাকা হোক, মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। উত্তাল পদ্মা-মেঘনার তলদেশ দিয়ে বিদ্যুৎ নেওয়া যেতে পারে তা আমাদের ভাবনায়ও ছিল না। চরবাসী আজ বিদ্যুৎ পেয়ে তাদের জীবন-জীবিকায় পরিবর্তন এনেছে।’

প্রথমে পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেব্‌লের মাধ্যমে প্রথমে বিদ্যুৎ নেওয়া হয় শরীয়তপুরের নড়িয়ার নওপাড়া ও চরআত্রা ইউনিয়নে। ওই দুটি ইউনিয়ন মুন্সিগঞ্জ জেলার কাছে হওয়ায় মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুর্গম পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেব্‌ল ও সঞ্চালন লাইনে বিদ্যুৎ–সংযোগ দেওয়া শুরু করে।

নওপাড়ায় স্থাপন করা হয় ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের উপকেন্দ্র। সেই উপকেন্দ্র থেকে ২০২০-২১ অর্থবছরে ভেদরগঞ্জের কাচিকাটা, জাজিরার কুণ্ডেরচর, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর দিঘিরপাড়, হাসাইল; চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর, একলাসপুর ও জহিরাবাদ ইউনিয়নের ৫০টি গ্রামে বিদ্যুৎ–সংযোগ স্থাপন করা হয়। ওই ৫০টি গ্রামে ১২ হাজার ৭০০ পরিবারকে বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে। এসব পরিবারকে বিদ্যুৎ–সংযোগ দিতে ৪০০ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করতে হয়েছে।

পদ্মা ও মেঘনা নদীর কারণে বিচ্ছিন্ন অন্য চরগুলোতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ২০২১ সালে ভেদরগঞ্জের উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া; গোসাইরহাটের কোদালপুর, আলওয়ালপুর, কুচাইপট্টি; চাঁদপুর সদরের রাজরাজেশ্বর, হাইমচরের নীলকমল, হাইমচর, গাজীপুর ও বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে বিদ্যুৎ– সংযোগ নেওয়া হয়। ওই চরাঞ্চলে বিদ্যুৎ নেওয়ার জন্য ৯টি স্থানে নদীর তলদেশ দিয়ে ১০ কিলোমিটার সাবমেরিন কেব্‌লের লাইন স্থাপন করতে হয়। আর সাড়ে ৫ হাজার পরিবারকে বিদ্যুতের সেবা পৌঁছে দিতে ৩১৮ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হয়।

নড়িয়ার চরআত্রা এলাকার বদরুল আলম গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় তিনি চরআত্রা বাজারে পোশাক তৈরির ছোট একটি কারখানা খুলেছেন।

এলাকায় বিদ্যুৎ আসার পর নওপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য দাদন ব্যাপারী চাল ও তেল তৈরির কারখানা খুলেছেন। তিনি বলেন, ‘চরে প্রচুর কৃষিপণ্য উৎপাদন হয়। পদ্মা নদী পার হয়ে সেগুলো উপজেলা সদরে নিয়ে প্রক্রিয়া করতে হতো। এখন বিদ্যুৎ পেয়েছি, তাই নিজের এলাকায় ছোট্ট পরিসরে একটি কারখানা স্থাপন করতে পেরেছি।’