মেলার মাঝের একটি স্টলে বসে বই দেখছিলাম। ফাল্গুনের পড়ন্ত বিকেলে তখনো ভিড় জমে ওঠেনি। হবে হবে করছে। খোপ খোপ স্টলগুলোর মাঝে পাতলা পর্দার দেয়াল। এপাশের কথা ওপাশে সহজেই শোনা যায়। পাশের স্টল থেকে পাঠক ও বিক্রেতার কথোপকথন কানে আসছিল। আলোচনার বিষয় সম্ভবত বই আর পাঠক। পাঠক ভদ্রলোক বলছিলেন, ‘আজকাল পাঠক কমে গেছে। ভালো বইও নেই। হুমায়ূন আহমেদের বইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পড়ি। সেসবই কিনি। কী বলব, একটা বই খুললে কি শেষ না করে ওঠার উপায় আছে? এই হাসতে হাসতে পেটে খিল, আবার কেঁদে বুক ভাসাচ্ছি। নিজেও পড়ি, আমার স্ত্রী, ছেলেমেয়েরাও পড়ে।’
পাশের স্টলে গিয়ে পাঠকটিকে আর ধরা গেল না। মুঠোফোনে কথা বলতে বলতে মেলার গেট দিয়ে বের হয়ে গেলেন তিনি।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে অমর একুশের বইমেলায় ১২০টির মতো স্টল বসেছে। সেসব স্টলে সারি সারি বই সাজানো। বিষয়বৈচিত্র্যের দিক থেকে বিবেচনা করলে তাকে বিপুলই বলতে হবে। এত সব বইয়ের ভিড়ে হতাশ পাঠকটির কথা মনে করে মন খারাপ হয়। এত আয়োজন তবে কি বিফলে যাবে? এই যে এত সব প্রকাশনা সংস্থা, এত এত লগ্নি, মেধা ও শ্রম—এর সবই অপচয়?
গত রোবাবার বিকেলের কথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক ছাত্রী সাহেলা চৌধুরী বিভিন্ন স্টল ঘুরে বইয়ের ছবি তুলে যাচ্ছিলেন। কিছু কিনেছেন, কিছু পরে কিনবেন বলে বইগুলোর প্রচ্ছদ মুঠোফোনে তুলে রাখছেন। তাঁর সঙ্গে আলাপ জমে ওঠে। জানতে চাই, হুমায়ূনের জাদু শেষ বলে পাঠক কি কমে যাবে? তিনি বলেন, ‘সমগ্র পাঠকশ্রেণিকে যদি এক শ একক ধরে নিই, তবে এর অন্তত নব্বই ভাগই হুমায়ূনের পাঠক। বাদবাকিদের ভাগ করে নিয়েছেন সমকালের কথাসাহিত্যের জনপ্রিয় লেখকেরা। এর বাইরে ১ শতাংশের মতো পাঠক নতুন সাহিত্য, সমাজ-ইতিহাস ও দর্শনের বইয়ের খোঁজ করেন।’
সাহেলার কথায় মনে পড়ল সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের তুলনামূলক সাহিত্যের অধ্যাপক বার্টন পেইনের একটি উক্তি। তিনি বলেছিলেন, ‘সেই সব কল্পকাহিনি সারা পৃথিবী ছেয়ে ফেলছে, যার কোনো উৎসমূল নেই। এগুলো কোনো সংস্কৃতি নয়, সাহিত্য নয়, একধরনের বাণিজ্যিক প্রকরণমাত্র।’
তবু আশার কথা যে আজকের ১ শতাংশ পাঠকের মধ্য দিয়ে পাঠরুচির এক বিরাট অদলবদল ঘটছে। একসময় কবিতা, কথাসাহিত্য, ছোটগল্পের বাইরে মননশীল বইয়ের জগৎ বেশ ছোটই ছিল। এখন ধীরে ধীরে হলেও তা বাড়ছে। পরিবর্তন আসছে বিষয়বৈচিত্র্যেও।
ইউপিএলের স্টলের সামনে তরুণদের ভিড় লক্ষণীয়। তাঁদের একজন কিনলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের বই পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া। ২০-২৫ বছরের তরুণ মইনুল ইসলাম পড়েন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তিনি বললেন, ‘আহমদ ছফার যদ্যপি আমার গুরু পড়ে আবদুর রাজ্জাকের সম্পর্কে কৌতূহল জাগে। এত বছর পর তাঁর লেখা বই প্রকাশিত হওয়া একটা বিরাট ঘটনা। বইটি কিনে খুব উত্তেজনা লাগছে।’
মইনুলের পড়ার তালিকায় মননশীল বই–ই বেশি। আকবর আলি খান, নওম চমস্কি আর স্লাভয় জিজেক তাঁর প্রিয় লেখক।
মইনুলের মতো পাঠকের সংখ্যা বেশি না হলেও পাঠরুচির বিবর্তনের এঁদের ভূমিকাই মুখ্য। আহমদ রফিক যাঁদের কথা বলেছেন ‘বই পড়ার আনন্দ ও তার বিকল্প ভাবনা’ প্রবন্ধে মইনুল যেন তাঁদেরই প্রতিনিধি। রফিক বলেছেন, বিগত শতকের একেবারে শেষ দিক থেকে বর্তমান শতকে পৌঁছে, তরুণেরা তাদের দৃষ্টিভঙ্গিতেই সামাজিক পরিবেশ ও তার উপকরণ, এমনকি রাজনীতিকেও ভিন্ন মাত্রায় বিচার করতে চাইছে। মন ও মননশীলতার সমীকরণ ঘটাতে চাইছে ভিন্ন হিসাবে। নব্য বিষয়াদি তাকে প্রলুব্ধ করছে অধিকতর টানে। তাই জীবনযাত্রার ধরনধারণও বদলাতে শুরু করেছে, বরং বলা যায় বদলাচ্ছে। তাই পাঠরুচির বদলও অনিবার্য।
ইউপিএলের বিক্রয়কর্মী শংকর দাশ জানালেন, বাংলাদেশের আমলাতন্ত্রের ওপর লেখা আকবর আলি খানের গ্রেশামস ল সিনড্রোম অ্যান্ড বিয়ন্ড, আর্চার কে ব্লাডের ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ, ফারুক আহমেদের বিলাতে বাঙালি অভিবাসন, আফসান চৌধুরীর হিন্দু জনগোষ্ঠীর একাত্তর বইগুলো তরুণেরা যথেষ্ট আগ্রহ নিয়ে কিনছেন। বিগত এক দশকে তরুণদের মধ্যে পাঠরুচির ব্যাপক পরিবর্তন এসেছে বলে তিনি জানালেন।
প্রথমা প্রকাশনের স্টলে বেশ কিছু বই খুব ভালো বিক্রি হচ্ছে। এই স্টলের স্বেচ্ছাসেবক শাওন রায় বললেন, এখানে লেখক আকবর আলি খান, মহিউদ্দিন আহমদ, আলতাফ পারভেজ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মনজুরুল হকের বই কিনছেন পাঠকেরা। তিনি বললেন, রাজনীতি ও ইতিহাসের প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে। রাশিয়া-ইউক্রেনের এই উত্তেজনার মধ্যে তরুণ পাঠকেরা আগ্রহী হচ্ছেন বদরুল আলম খানের সোভিয়েত রাশিয়া ভাঙল কেন। কিনছেন মহিউদ্দিন আহমদের পার্বত্য চট্টগ্রাম শান্তিবাহিনী জিয়া হত্যা মনজুর খুন, মতিউর রহমানের বিদ্রোহী বর্ণমালা।
বেশ কয়েকটি স্টল ঘুরে দেখা গেল গল্প, উপন্যাস, কবিতার বাইরে পাঠকেরা বাংলাদেশের সমকালের রাজনীতি, অতীত রাজনীতির ক্রমবিকাশ ও বিভিন্ন পরিবর্তন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভালো রকমের উৎসাহী।
কথা প্রকাশ স্টলে দেখা হয় চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞানের ছাত্র মো. সাদ উদ্দিনের সঙ্গে। তিনি কিনলেন হরিশংকর জলদাসের বর্ণবৈষম্যের শেকড়বাকড়। তিনি বলেন, একসময় সাহিত্যে গা ভাসাতে ভালোই লাগত। এখন মননশীল বই পড়েই তাঁর আনন্দ। প্রিয় লেখকদের মধ্যে আছেন আহমদ ছফা, সিরাজুল ইসলাম চৌধুরী ও সলিমুল্লাহ খান।
বাতিঘরে মহিউদ্দিন আহমদের আল-কায়দার খোঁজে, মঈনুস সুলতানের ফ্লোরিডায় আদিবাসীদের মিউজিক মজমা, আলী রীয়াজের লেখকের দায়, সুনীতিভূষণ কানুনগোর বাংলায় বৈষ্ণব আন্দোলন পাঠকের আগ্রহের কেন্দ্রে রয়েছে। বাতিঘরের পরিবেশনায় পূর্বস্বর প্রকাশনী থেকে প্রকাশিত হারুন রশিদের উপনিবেশ চট্টগ্রাম বইটিও মেলায় পাঠকের পছন্দের তালিকায় রয়েছে।
মননশীল বইয়ের বাড়বাড়ন্ত নিয়ে কথা হয় বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, প্রধানত তরুণেরাই মননশীল বইয়ের পাঠক। এরা এখন আরও তলিয়ে জানতে চান। রাজনীতি, অর্থনীতি, দর্শন, ইতিহাস—নানা বিষয়েই তরুণদের আগ্রহ বাড়ছে।’
তবে শেষমেশ এই হিসাব তো ১ শতাংশ পাঠকের। বিকেকান্দ যেমন বলেছেন, সত্য সংখ্যালঘুদের দিয়েই শুরু হয়, তেমন আশা করতে ইচ্ছে হয়। হয়তো এই ১ শতাংশ শত শতাংশে পরিণত হবে একদিন।