বধ্যভূমিতে মাদকসেবন ও জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরবের বধ্যভূমির স্মৃতিস্তম্ভের ফটকটি তালাবদ্ধ। ভেতরে মাদকসেবীরা অবস্থান করে। বেদিতে ময়লা। চারপাশে ঝোপ।
প্রথম আলো

গতকাল বুধবার বেলা ১১টা ১৬ মিনিট। কিশোরগঞ্জের ভৈরবের বধ্যভূমির স্মৃতিস্তম্ভের ফটকটি তালাবদ্ধ পাওয়া গেল। সাধারণ মানুষের মূল বেদিতে প্রবেশের কোনো সুযোগ নেই। তবে বাইরে থেকে তাকাতেই চোখে পড়ল ভেতরে কয়েকজন তরুণের অবস্থান। তাঁরা বসে মাদকসেবন করছিলেন। ফটকের বাইরে লোকজনের উপস্থিতি টের পাওয়ামাত্র প্রাচীর টপকিয়ে নিরাপদে কেটে পড়েন তাঁরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দুই বছর ধরে বধ্যভূমির ফটকে স্থায়ীভাবে তালা ঝুলছে। এতে প্রাচীর টপকিয়ে ভেতরে যেতে পারলে স্থানটি একচ্ছত্র অপরাধীদের হয়ে যায়।

বধ্যভূমিলাগোয়া মনচূড়া নামের একটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক সাব্বির হোসেন বলেন, রেস্টুরেন্ট হওয়ায় এখন আগের চেয়ে অপরাধীদের আনাগোনা কমেছে।

উপজেলার বীর মুক্তিযোদ্ধারা জানান, ভৈরবে পাকিস্তানি বাহিনীর প্রবেশের তারিখটি ছিল ১৪ এপ্রিল। হঠাৎ ভৈরবের আকাশে সেদিন দেখা যায় চারটি জেট বিমান, একাধিক হেলিকপ্টার ও গানশিপ। কিছুক্ষণের মধ্যে শুরু হয় বিরতিহীন গুলির শব্দ। জীবন বাঁচাতে হাজারখানেক মানুষ জড়ো হয় উপজেলার শিবপুর ইউনিয়নের আলগড়া খেয়াঘাটে। উদ্দেশ্য ওপারে নিরাপদ আশ্রয়ে যাওয়া। নদ পার হওয়ার আগেই পাকিস্তানি বাহিনীর গুলিতে ৩০ মিনিটের ব্যবধানে শহীদ হন সাড়ে ৩০০ নিরস্ত্র বাঙালি। সেই দিন শহীদের রক্তস্রোতে ব্রহ্মপুত্রের পানি লাল হয়ে গিয়েছিল।

বধ্যভূমির স্থানটি আয়েশ করে ব্যবহার করছে মাদকসেবী, জুয়ারি আর অপরাধী চক্র। এ নিয়ে এখন বীর মুক্তিযোদ্ধা ও মুক্ত চিন্তার মানুষের ক্ষোভের শেষ নেই।

পাকিস্তানি সেনারা চলে যাওয়ার পরও মানুষ ভয়ে ওই দিন আপনজনের লাশ নিতে আসেনি। পরদিন অনেকে এসে আপনজনের লাশ বাড়িতে নিয়ে দাফন করেন। যাঁদের স্বজন পাওয়া যায়নি তাঁদের এই ঘাটেই গণকবর দেওয়া হয়।

মুক্তিযুদ্ধের দুঃখগাথা ভৈরবের স্থানটি বধ্যভূমি হিসেবে পরিচিত। আর ১৪ এপ্রিল ভৈরব গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিনটি বাংলা নতুন বছর উদ্‌যাপন ও বাঙালির উৎসবের হলেও ভৈরবের জন্য বেদনার। এ জন্য এক যুগ আগেও ভৈরবের ব্যবসায়ীরা এ দিনে হালখাতা করতেন না, করতেন কয়েক দিন পর। তবে সময়ের ব্যবধানে এখন স্থানীয় লোকজন সেই রীতি পালন থেকেও অনেকটা দূরে সরে এসেছেন।

বছর ঘুরে আবার এসেছে শোকের এই দিন। তবে দিনটিকে স্মরণ করতে আজ সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না। কেবল ব্যক্তিগত পর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে অনেকে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বধ্যভূমির স্থানটিতে স্মৃতিস্তম্ভ নির্মিত হয় স্বাধীনতার ৩৫ বছর পর। শুরুর দিকে বধ্যভূমির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতেন আবদুল লতিফ নামের একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যুর পর স্থানটি অরক্ষিত হয়ে পড়ে। এর পর থেকে উপজেলা প্রশাসন আর কোনো কেয়ারটেকার নিয়োগ দেয়নি। তালা ঝুলিয়ে রাখার মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ করে রেখেছে। এরপর বধ্যভূমির স্থানটি আয়েশ করে ব্যবহার করছে মাদকসেবী, জুয়ারি আর অপরাধী চক্র। এ নিয়ে এখন বীর মুক্তিযোদ্ধা ও মুক্ত চিন্তার মানুষের ক্ষোভের শেষ নেই।

বধ্যভূমির স্মৃতিস্তম্ভের প্রবেশ ফটক ও সড়ক নির্মাণে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তিনি একজন শিক্ষানুরাগীও। বধ্যভূমির বেহাল অবস্থার কথা জেনে দুঃখ করে বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে একসঙ্গে এত মানুষের আত্মদানের ইতিহাস খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। দুঃখ হয়, বধ্যভূমির পবিত্রতা ধরে রাখতে পারছি না। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে যাওয়ার বছরও শহীদদের নামের তালিকা প্রস্তুত করা যায়নি।’

শিবপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বধ্যভূমিটির অবস্থান তাঁর ইউনিয়নে। বধ্যভূমির ভেতরে শুধু মাদকসেবীরা নয়, ছেলেমেয়েরা গিয়েও নানা সমস্যার সৃষ্টি করত। এই জন্য তালা দিয়ে রাখা হতো। একজন কেয়ারটেকার নিয়োগের দাবি জানিয়ে বারবার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে চলেছেন তিনি।

বধ্যভূমিতে মাদকসেবীদের আড্ডার কথা অজানা নয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমানেরও। তিনি বলেন, এমন অভিযোগ পাওয়ার পর কিছুদিনের মধ্যে দুবার অভিযান চালিয়েছেন। বধ্যভূমির পবিত্রতা রক্ষায় শিবপুর ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে করণীয় নির্ধারণ করবেন।