বন ও বন্য প্রাণী সংরক্ষণের স্বার্থেই লাঠিটিলায় সাফারি পার্ক হবে: পরিবেশমন্ত্রী
পাথারিয়া পাহাড় ও সংলগ্ন বন ও বন্য প্রাণী সুষ্ঠুভাবে সংরক্ষণের স্বার্থেই লাঠিটিলায় সাফারি পার্ক করা হবে। এ ক্ষেত্রে এখানে বসবাসকারীদের উচ্ছেদ করা হবে না। সবার জন্য কল্যাণকর ব্যবস্থা রেখেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এখানে (লাঠিটিলায়) সাফারি পার্ক হলে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আজ রোববার প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী ঢাকার সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ বক্তব্য দেন।
পরিবেশমন্ত্রী বলেন, স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ। তবে পরিবেশবাদী দাবিকারী কেউ কেউ সাফারি পার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্থানীয় জনগণকে তারা উসকানি দিচ্ছে। সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর নির্দেশনামতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এখানে সাফারি পার্ক স্থাপন করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, জুড়ীর ইউএনও সোনিয়া সুলতানা প্রমুখ।
পরিবেশমন্ত্রী বলেছেন, হাকালুকি হাওরের উন্নয়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় এখানে খাল ও পর্যাপ্ত পুকুর খনন করে পানির ধারণক্ষমতা বাড়ানো হবে। ফলে পানির সমস্যা দূর হবে। মাছের পরিমাণ বাড়বে। মৎস্যজীবীরাও মৎস্য চাষ করতে পারবেন। এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই এলাকার সার্বিক পরিবেশ ভালো করার জন্য স্থানীয় প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে।