বনদস্যু সন্দেহে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সন্দেহভাজন চার বনদস্যুকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার কল্যাণপুর গ্রাম থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আশাশুনির কল্যাণপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩০) ও আবদুস ছামাদ (৩৫) এবং শ্যামনগর উপজেলার আবদুল জলিল সরদার (৫০) ও সদর উপজেলার আবদু​ল আজিজ (৪৯)।

ডিবির দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

ডিবির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমানের ভাষ্য, অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুজন বনদস্যু কল্যাণপুরে অবস্থান করছেন বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। ভোর সাড়ে চারটার দিকে ডিবির পরিদর্শক এ কে এম আজমল হুদার নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সিরাজুল ও ছামাদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পিস্তল, একটি শাটারগান, তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সংবাদদাতা জলিল ও আজিজের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে। তাঁরাও দস্যুতার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
গ্রেপ্তার হওয়া সিরাজুল ও ছামাদের দাবি, গ্রামের প্রতিপক্ষরা শত্রুতামূলকভাবে তাঁদের ধরিয়ে দিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি সম্পর্কে তাঁরা কিছু জানেন না।
জলিল ও আজিজের দাবি, তাঁরা দস্যুতার সঙ্গে জড়িত নন। তাঁরা সুন্দরবন এলাকায় ব্যবসা করেন।
সাতক্ষীরা ডিবির পরিদর্শক এ কে এম আজমল হুদার দাবি, দস্যুতার অভিযোগে সিরাজুলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া চারজনই বনদস্যুতার সঙ্গে জড়িত। সুন্দরবনে প্রভাব বিস্তার ও কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে বিরোধের জেরে জলিল ও আজিজ অন্য দুজন সম্পর্কে পুলিশকে সংবাদ দিয়েছেন। তাঁদের সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।