বনবিনাশী কর্মকাণ্ডের জন্য সুন্দরবনের কাছে গণক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের কাছে ‌‘গণক্ষমা প্রার্থনা’ কর্মসূচিতে অংশ নেয় শতাধিক বনজীবী ও তাঁদের পরিবার।‌‌‌‌ সোমবার সকালে সুন্দরবন–সংলগ্ন ঢাংমারী এলাকায়
ছবি: প্রথম আলো

বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূলীয় বনভূমি সুন্দরবন। অপরিকল্পিত শিল্পায়ন, দূষণ, বন্য প্রাণী হত্যা, বিষ দিয়ে মাছ নিধনসহ বনবিনাশী নানা কর্মকাণ্ডের জন্য সুন্দরবনের কাছে ‘গণক্ষমা প্রার্থনা’ কর্মসূচি পালিত হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ উপলক্ষে সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার, বাদাবন সংঘ ও ঢাংমারী ডলফিন সংরক্ষণ দল ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের শতাধিক মানুষ অংশ নেন।

আয়োজকেরা বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, জলবায়ু–সংকট সৃষ্টি, অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে কয়লা ও তেলভর্তি জাহাজডুবি, জাহাজি বর্জ্য, শিল্প ও প্লাস্টিকদূষণ, বাঘ, হরিণ, পাখিসহ বিভিন্ন বন্য প্রাণী হত্যা, বিষ দিয়ে মাছ নিধন, ডলফিন হত্যা, বৃক্ষ নিধনসহ মানবসৃষ্ট বনবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়। সুন্দরবন মায়ের মতো বিপদ-আপদে আগলে রাখে। অথচ সুন্দরবনের ওপর অত্যাচার চালানো হচ্ছে। তাই সুন্দরবনের কাছে ক্ষমা চাইতে ব্যতিক্রমী এ কর্মসূচি। এতে জেলে, বাওয়াল, মৌয়াল ও বনজীবীরা অংশ নেন। এ সময় তাঁরা ‘সুন্দরবনের বাঘ-হরিণ হত্যা বন্ধ করো’, ‘পরিকল্পিত অগ্নিকাণ্ড বন্ধ করো’, ‘বিষ দিয়ে মৎস্য নিধন নয়’, ‘জীবাশ্ম জ্বালানি বন্ধ করো’সহ বিভিন্ন ফেস্টুন-প্ল্যাকার্ড বহন করেন।

বাপার বাগেরহাট জেলার আহ্বায়ক মো. নূর আলম শেখের সভাপতিত্বে কর্মসূচিতে বাদাবন সংঘের মোংলা এরিয়া ম্যানেজার অজিফা বেগম, পশুর রিভার ওয়াটারকিপারের স্বেচ্ছাসেবক ইস্রাফিল বয়াতি, নদীকর্মী হাসিব সরদার, ডলফিন সংরক্ষণ দলের স্টিফেন হালদার, মীরা বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। মো. নূর আলম শেখ বলেন, মানুষের বনবিনাশী কর্মকাণ্ডের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়েছে। মহাপ্রাণ সুন্দরবনকে বাঁচাতে ও টেকসই উন্নয়নের স্বার্থে বনবিনাশী সব কর্মকাণ্ড থেকে মানুষ ও সরকারকে সরে আসতে হবে। সুন্দরবন–বিনাশী সব প্রকল্পের কার্যক্রম বন্ধ করে সরকারকে পরিবেশ ও জনবান্ধব টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।

দিবসটি উপলক্ষে সকালে খুলনার সুন্দরবন একাডেমি ও স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের আয়োজনে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর ও বরগুনা জেলার পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিকদের নিয়ে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯৯৭ সালে ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, সাপ ছাড়াও অসংখ্য বন্য প্রাণীর আবাসস্থল। তবে বনের কোল ঘেঁষে শিল্পায়ন, বন্য প্রাণী শিকার ও পাচারের কারণে সুন্দরবনের পরিবেশ আজ হুমকিতে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। প্রথম থেকেই দিবসটি জাতীয়ভাবে পালনের দাবি জানানো হয়ে আসছে। এবার ২২তম বার স্থানীয়ভাবে সুন্দরবন দিবস পালিত হচ্ছে।