বনানীর ধর্ষণ মামলায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত ধর্ষকদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শনিবার বিকেলে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী যৌথভাবে এই বিবৃতি দিয়েছেন। ভুক্তভোগী দুই তরুণী যাতে ন্যায়বিচার পান, তা নিশ্চিত করতে রাষ্ট্রের কাছে জোর দাবি জানান তাঁরা।

ঘটনার শিকার দুই তরুণীকে ‘ধর্ষিত’ অভিহিত না করে ‘নির্যাতিত’ বলতে বিবৃতিতে গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ধর্ষিত বলা নির্যাতিত নারীর জন্য অবমাননাকর।

বিবৃতিতে বলা হয়েছে, বিচারহীনতার সুযোগে শুধু রাজধানীর অভিজাত পাড়ায় নয়, সারা দেশেই ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশে ন্যায়ের শাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতি ছাড়াও কোরআন-সুন্নাহ থেকে মানুষ দূরে সরে যাওয়াকে এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।