বান্দরবান
বনের গাছ, ঝিরির পাথর পাচারের অভিযোগ
টঙ্কাবতী ইউনিয়ন আ. লীগের নেতা আবদুর রহিম গাছ ও পাথর পাচার করছেন বলে গ্রামবাসীর অভিযোগ।
বান্দরবানের টঙ্কাবতীর এলাকার বনাঞ্চলের গাছ ও ঝিরি ঝরনার পাথর পাচারের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। নির্বিচার গাছ ও পাথর পাচার হওয়ায় ওই এলাকার পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক পানির উৎস শুকিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে অবিলম্বে গাছ ও পাথর পাচার বন্ধে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ওই এলাকার গ্রামের বাসিন্দারা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন টঙ্কাবতী ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুর রহিম।
টঙ্কাবতী এলাকার রমজুপাড়া-বলীপাড়া থেকে অবাধে ঝিরি-ঝরনার প্রাকৃতিক পাথর তোলা হচ্ছে বলে গ্রামবাসীর অভিযোগ। পাশাপাশি ওই এলাকার বনাঞ্চলের গাছ কেটে পাচার করা হচ্ছে বলে এলাকার কার্বারিরা (পাড়াপ্রধান) জানিয়েছেন।
টঙ্কাবতী এলাকার জনপ্রতিনিধি ও কার্বারিদের অভিযোগ, আবদুর রহিম রমজুপাড়া এলাকায় বনাঞ্চলের গাছ ও খাল ঝিরি ঝরনার পাথর পাচারে রীতিমতো আধিপত্য কায়েম করেছেন। তিনি দক্ষিণ হাঙ্গর খাল ও খালে এসে পড়া আটটি ছড়ার পাথরও তুলে নিচ্ছেন অবাধে। একই সঙ্গে নির্বিচার গাছ কেটে হাতি দিয়ে টেনে চিম্বুক পাহাড়ের ঢাল ও পাদদেশের বনাঞ্চল উজাড় করে ফেলছেন। এতে পানির উৎসগুলো মারাত্মক দূষিত হয়ে পড়ছে এবং শুকিয়ে যাচ্ছে। টঙ্কাবতী ইউনিয়নের তিনজন কার্বারির নেতৃত্বে ওই এলাকার বাসিন্দারা এমন কর্মকাণ্ড বন্ধে ২৬ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।
সরেজমিন দেখা যায়, সুয়ালক-লামা সড়কের রমজুপাড়া থেকে বলীপাড়া পর্যন্ত চার কিলোমিটার এলাকার পাহাড় কেটে দক্ষিণ হাঙ্গর খালের তীর ঘেঁষে রাস্তা নির্মাণ করা হয়েছে। খালের ১৪টি স্থানে মাটি ফেলে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে আবদুর রহিমের শ্রমিকেরা বনাঞ্চলে গাছ কাটছিলেন। এরপর কেটে ফেলা গাছ ট্রাকেও তুলছিলেন তাঁরা। দুর্গম বনাঞ্চল থেকে হাতি দিয়ে টেনে আনা গাছ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল ওই এলাকায়। খালের পড়ে সর্বত্র পাথরের স্তূপ।
গাছ কাটায় নিয়োজিত শ্রমিক আবছার আহমেদ, ইউনুছ ও রফিক প্রথম আলোকে বলেন, তাঁরা দুই সপ্তাহ ধরে রমজুপাড়া ও বলীপাড়া এলাকায় কাজ করছেন। আবদুর রহিমের জন্য বাগান ও প্রাকৃতিক বনাঞ্চলে গাছ এবং জ্বালানিকাঠ কাটছিলেন তাঁরা। প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার পর হাতি দিয়ে গাড়ি চলাচলের রাস্তায় নিয়ে আসা হয় বলে তাঁরা জানান। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে রমজুপাড়ার কার্বারি তাংলাই ম্রো, পেনাইপাড়ার রুইয়াং ম্রো ও মেরেংপাড়ার কার্বারি মেনলক ম্রো লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তাঁরা বলেছেন, আবদুর রহিম দক্ষিণ হাঙ্গর খাল, দেবতাঝিরি, পুমপুরঝিরি, পানঝিরিসহ আটটি খাল-ঝিরি থেকে পাথর উত্তোলন করছেন। পানির এ উৎসগুলোর ওপর নির্ভর করে প্রায় দেড় হাজার মানুষের বসতি গড়ে উঠেছে।
জানতে চাইলে আবদুর রহিম বলেছেন, পাচার নয়, তিনি দীর্ঘদিন ধরে টঙ্কাবতীর লোকজন থেকে গাছ, বাঁশ ও পাথর কিনে ব্যবসা করেন। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় হলেও গত বছর জাতীয় পরিচয়পত্র স্থানান্তর করে এখানকার স্থায়ী বাসিন্দা হয়েছেন তিনি। এখন আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির আইনবিষয়ক সম্পাদকের পদে রয়েছেন। বলীপাড়াবাসীর অনুরোধে প্রধানমন্ত্রী উপহারের ঘর নির্মাণে ইট-সিমেন্ট নেওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন। এতে তাঁর তিন লাখ টাকা খরচ হয়েছে। ওই টাকার বিনিময়ে এলাকাবাসীর দেওয়া গাছ ও পাথর নিয়ে যাচ্ছেন।
বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ বলেছেন, টঙ্কাবতীতে বনাঞ্চলের গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিছু গাছ জব্দ করা হয়েছে। বনাঞ্চলের গাছ কাটা বন্ধে সেখানে নজরদারি করা হচ্ছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, আবদুর রহিমের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন তাঁরা। জেলায় পাথর আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ পাথর উত্তোলন করলে ও অবৈধভাবে গাছ কাটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।