পটুয়াখালীর কুয়াকাটা
বনের মাটি লুট, গাছ উজাড়
মহিপুরের রেঞ্জ কর্মকর্তা মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে মাটি কাটা বন্ধ হচ্ছে না।
পটুয়াখালীর কুয়াকাটার চরচাপলী এলাকার সংরক্ষিত বনাঞ্চলের মাটি কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। মাটি কাটতে গিয়ে বনের ৫০ হেক্টর ভূমির অর্ধশত গাছসহ বনায়ন কর্মসূচির জন্য লাগানো পাঁচ হাজারের বেশি চারা গাছ এক্সকাভেটর (ভেকু) দিয়ে উপড়ে ফেলেছেন তাঁরা। এ কাজে বন বিভাগের লোকজন বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
এ ঘটনায় বন বিভাগের মহিপুরের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে জিডি করেও মাটি কাটার কাজ বন্ধ হচ্ছে না।
আবুল কালাম আজাদ জানান, কুয়াকাটার চরচাপলী এলাকার সংরক্ষিত বনের ৫০ হেক্টর ভূমির গাছ ও ২০২০-২১ অর্থবছরে ‘সুফল’ প্রকল্পের আওতায় লাগানো বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার চারা গাছ এক্সকাভেটর দিয়ে উপড়ে ফেলা হয়েছে। তারপর সেখান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। বনের গাছ উজাড় করে মাটি কেটে নেওয়ার খবর পেয়ে ৩ ফেব্রুয়ারি বিকেলে সেখানে গিয়ে দেখা গেছে, বনের গাছ উপড়ে ফেলে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। এ সময় বনের ক্ষতির কথা বলে তাঁদের বন ধ্বংস করা থেকে বিরত থাকার অনুরোধ করলে দুর্বৃত্তরা গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি বন বিভাগের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ওই দিনই শফিকুল ইসলাম (৫৫), জামাল হোসেন (৪৮) ও মো. রাব্বি (৪৫) নামের তিন ব্যক্তির নাম উল্লেখ করে মহিপুর থানায় একটি জিডি করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, চরচাপলী এলাকার খাজুরা ও গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পুরোনো বড় বড় গাছ ও চারা গাছগুলো এক্সকাভেটর দিয়ে উপড়ে ফেলা হয়েছে। বনের ভেতরে মাটি কাটার কারণে বড় বড় পুকুরের মতো হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার একটি চক্র বন থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছে। কেটে নেওয়া মাটির বেশির ভাগই বাঁধ নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে। মাটি সরবরাহকারী ঠিকাদারেরা মাটি কেটে নিয়ে অন্যত্র বিক্রি করছেন। এলাকার বেশির ভাগ মাটিই বালুমাটি। তাই বাঁধ নির্মাণসংশ্লিষ্ট ঠিকাদারদের কাছে বনের মাটির খুব চাহিদা রয়েছে।
বনের গাছ উজাড় করে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম ও জামাল হোসেন কথা বলতে রাজি হননি। তবে মো. রাব্বি বলেন, ‘আসলেই বন উজাড় করে মাটি কেটে নেওয়া হচ্ছে। তবে মাটি কেটে নেওয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি বন বিভাগের লোকের কাছে বিষয়টি নিয়ে তথ্য জানতে চাইলে তাঁরা তথ্য না দিয়ে উল্টো আমার নামে জিডি করেছে।’
বন বিভাগের পটুয়াখালীর বন সংরক্ষক তারিকুল ইসলাম বলেন, সংরক্ষিত বন ধ্বংস ও মাটি কাটায় বাধা দেওয়ায় বন বিভাগের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আগেও বনের গাছ কাটার অভিযোগে একাধিক মামলা হলেও চক্রটি বনের গাছ ধ্বংসসহ মাটি কেটে নিচ্ছে। এখন জিডি করা হয়েছে। বন রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ আবুল খায়ের বন বিভাগ থেকে থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অপরাধ তদন্তের জন্য আদালতে অনুমতি চাওয়া হয়েছে।