বন্দরে অবৈধ গ্যাস–সংযোগের দায়ে ৩ কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের বন্দরে বেকারি, সার্জিক্যাল কারখানাসহ তিনটি কারখানায় অবৈধ গ্যাস-সংযোগের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে উপজেলার দাসের গাঁও এলাকায় তৃতীয় দিনের মতো অভিযান চালানো হয়। এ ছাড়া শতাধিক আবাসিক সংযোগের একটি মূল সংযোগসহ ওই তিন প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা দেওয়া কারখানাগুলো হলো সৌদিয়া বেকারি, নিরাময় সার্জিক্যাল ও তুলার কারখানা সরকার ট্রেডার্স। প্রতিটি কারখানা থেকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
তবে অবৈধ সংযোগ ব্যবহারের কথা স্বীকার করে তাঁদের কেউ কেউ অভিযোগ করেছেন, তিতাসের অসাধু কিছু কর্মচারী এর সঙ্গে জড়িত। তাঁদের যোগসাজশেই অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস চুরি হচ্ছে।
এ বিষয়ে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সুরুজ আলম সাংবাদিকদের জানান, অবৈধ সংযোগ দেওয়ায় তিতাসের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের চলমান অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত দুই দিনে উপজেলার গোকুল দাসের গাঁও এলাকায় অভিযান চালিয়ে সাতটি বড় প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস।