বন্দরে তুলার কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ গুদাম ভস্মীভূত, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরের মনারবাড়ি এলাকায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ডে তুলা ও তুলা তৈরির কাঁচামাল, ৫টি গুদামসহ যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তুলার কারখানার সাত শ্রমিক।

বন্দর, মণ্ডলপাড়া এবং সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামের ওই তুলার কারখানায় অগ্নিকাণ্ডে ৮ থেকে ৯ কোটি টাকা ক্ষতির কথা বলছে মালিকপক্ষ।

অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিরা হলেন এনামুল হক (২০), মুসলিম মিয়া (২৪), সাইফুল ইসলাম (২০), মো. এনামুল (২১), সাখাওয়াত হোসেন (২৫), মো. নাহিদ (২৪), মো. রনি (২৫)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উত্তর লক্ষ্মণখোলা এলাকার মো. জুয়েল মিয়ার তুলার কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মালামালসহ পাঁচটি গুদাম পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তুলা তৈরির মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তুলা কারখানার মালিক মো. জুয়েল মিয়া বলেন, সকাল ছয়টার দিকে মিলের শতাধিক শ্রমিক কাজে যোগ দেন। সকালে সাড়ে সাতটার দিকে কারখানায় আগুন লাগে। আগুনে তুলা তৈরির মেশিনসহ পাঁচটি গুদাম পুড়ে গেছে।