বন্দী নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম জেল সুপারের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক বন্দীকে মারধরের অভিযোগে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) শফিকুল ইসলাম খানসহ পাঁচজনের বিরুদ্ধে নালিশি মামলা নেওয়ার আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে উপযুক্ত আদালতে মামলা করার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. বখতিয়ার প্রথম আলোকে বলেছেন, মামলাটি নেওয়ার এখতিয়ার না থাকায় আদালত আবেদনটি ফিরিয়ে দেন। উপযুক্ত আদালতে মামলাটি করার আদেশ দেন।
গত ২৫ নভেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দী মো. শামীমের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে জেল সুপারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন। ওই দিন আদেশ না দিয়ে আজ মঙ্গলবার আদেশের জন্য দিন রাখেন আদালত। অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন কারাধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম, উপকারাধ্যক্ষ মো. সাইমুর, সুবেদার এমদাদ হোসেন ও কারারক্ষী সবুজ দাশ।
আবেদনে পারভীন আক্তার উল্লেখ করেছেন, তাঁর স্বামী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই কর্তব্যরত কারারক্ষীর কাছে খাবার চান শামীম। এতে ক্ষিপ্ত হয়ে উপকারাধ্যক্ষ সাইমুর বন্দী শামীমকে জোর করে হাসপাতালের ওয়ার্ড থেকে বের করে দেন। এ সময় তাঁর সঙ্গে যোগ দেন কারাগারের জেলারসহ অভিযুক্ত ব্যক্তিরা। এ সময় শামীমকে মারধর করে পরদিনই কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মামলার আবেদন ফিরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে পারভীন আক্তার প্রথম আলোকে বলেছেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
আদালত সূত্র জানায়, হত্যা মামলায় ফটিকছড়ির বাসিন্দা শামীমকে ২০০৭ সালের ২৪ এপ্রিল ফাঁসির আদেশ দেন আদালত। পরে আপিল করলে ২০১২ সালে সাজা কমিয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। হত্যা মামলায় ২০০৪ সাল থেকে কারাগারে আছেন শামীম। তাঁর বিরুদ্ধে খুন, চাঁদাবাজির অভিযোগে আরও ছয়টি মামলা বিচারাধীন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ দেওয়ান তারিকুল ইসলাম বলেছেন, কারাগারে সাধারণ বন্দীদের জিম্মি করে অবৈধ সুবিধা নিতেন শামীম। তাঁকে কোনো মারধর করা হয়নি। মামলা যে কেউ করতে পারেন। তদন্তে আসল তথ্য উঠে আসবে।