বন্ধ ঘোষণার পরও চলছে মির্জাগঞ্জের ৪ ক্লিনিক
নিবন্ধন না থাকায় পটুয়াখালীর মির্জাগঞ্জের চারটি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রকে সাময়িক বন্ধ ঘোষণা করা হলেও সেগুলোর কার্যক্রম অব্যাহত আছে। চিকিৎসক, দক্ষ নার্স ও পর্যাপ্ত অবকাঠামো সুবিধা না থাকায় সম্প্রতি এসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
অভিযোগ উঠেছে, নতুন করে নিবন্ধন ও পরিচালনার শর্ত পূরণ না করেই প্রতিষ্ঠানগুলো চালু রাখা হয়। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো হলো উপজেলার ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শাহজাহান জেনারেল হাসপাতাল, ইউনাইটেড ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল ল্যাব ও নিউ লাইফ এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি।
পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ রাখার ব্যাপারে চিঠি দেওয়া হয়। এসব প্রতিষ্ঠান পরিচালনায় সরকারি নীতিমালার যেসব শর্ত মানা হয়নি, সেগুলো হলো নির্দিষ্ট শয্যাসংখ্যা (১০-২০), প্যাথলজি বিভাগ, তথ্য সেবাদান কেন্দ্র, পরীক্ষা-নিরীক্ষার মূল্যতালিকা, অপেক্ষমাণ কক্ষ, নমুনা সংগ্রহের আলাদা কক্ষ, পৃথক পুরুষ ও নারী ওয়ার্ড ও কেবিন না থাকা।
ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. আবুল বাশার বলেন, ৫ আগস্ট নিষেধাজ্ঞা দেওয়ার পর বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সেবা বন্ধ আছে। কয়েকজন রোগী আগে থেকেই ভর্তি ছিলেন, তাঁদের সেবা দেওয়া হচ্ছে। সিভিল সার্জনের কার্যালয় থেকে যেসব শর্ত না মানার অভিযোগ করা হয়েছে, সেগুলো পূরণ করে আবেদন করা হবে।
পটুয়াখালী সিভিল সার্জন মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বন্ধ ঘোষণার পরও কেউ কার্যক্রম পরিচালনা করলে প্রশাসনের সহায়তায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।