বন্ধ ছিল জরুরি অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটানা বিদ্যুৎ না থাকায় গতকাল শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জরুরি অস্ত্রোপচারসহ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ ছিল। একই সঙ্গে হৃদ্রোগ ওয়ার্ডের রোগীদের চিকিৎসাসেবার মনিটরও বন্ধ হয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালসহ নগরে বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হয়।
বেলা সাড়ে ১১টা থেকে বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা পুরোদমে ভেঙে পড়েছিল উল্লেখ করে হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান প্রথম আলোকে বলেন, একটি জেনারেটর রয়েছে। তাও আবার উচ্চক্ষমতাসম্পন্ন নয়। এটি দিয়ে কোনোরকমে আলোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কোনো জরুরি অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। এ ছাড়া রোগীদের কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষাও হয়নি। আলোর ব্যবস্থা রাখতে পানির পাম্পও বন্ধ রাখতে হয়েছে। একটি জেনারেটর দিয়ে জরুরি ভিত্তিতে আইসিইউ ইউনিটের যন্ত্রগুলো চালু রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, এক হাজার শয্যার হাসপাতালে গতকাল রোগী ভর্তি ছিল প্রায় দুই হাজার। ৬০ জন রোগীর জরুরি অস্ত্রোপচার হয়নি। কোনো এক্স-রে এবং রোগীর জরুরি পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের হৃদ্রোগ ওয়ার্ডে ৫২ জন রোগীর মধ্যে ১০ জনের অবস্থা শোচনীয়। এই ১০ জনের মধ্যে সাতজন রোগীর বুকের হৃদ্কম্পন দেখার জন্য যে মনিটর লাগানো ছিল, সেগুলোও বন্ধ হয়ে যায়। মনিটর বন্ধ হওয়ায় হৃদ্রোগে আক্রান্ত আজিজুল ইসলাম (৬০) নামের রোগীকে বিছানায় বসে হাঁপাতে দেখা যায়। একই দৃশ্য দেখা যায় ওই ওয়ার্ডের আরও কয়েকজন রোগীর। ফলে ওয়ার্ডের অন্য রোগীরা আতঙ্কের মধ্যে আছেন। প্রায় একই ধরনের অবস্থা হাসপাতালের ৪০টি ওয়ার্ডে।
হৃদ্রোগ ওয়ার্ডের সহযোগী অধ্যাপক হরিপদ বলেন, বিদ্যুৎ না থাকলে মনিটর চলবে না। আর মনিটর না চললে রোগীর অবস্থা কী হবে তা বলা মুশকিল। এ ছাড়া এই ওয়ার্ডের চিকিৎসার জন্য আরও কিছু জরুরি যন্ত্র রয়েছে, যেগুলো চালু রাখতে বিদ্যুতের প্রয়োজন। তবে হাসপাতালের নিজস্ব জেনারেটর দিয়ে কিছু যন্ত্র চালানো হলেও অনেক যন্ত্র চালানো সম্ভব নয়।
গাইনি ওয়ার্ডে জরুরি অস্ত্রোপচারের জন্য ১০ জন রোগী রয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে স্বপ্না বেগম, ময়না বেগম, হালিমা খাতুন, শারমিন ও সূচিত্রা নামের পাঁচজন রোগী। এসব রোগী ও তাঁদের স্বজনেরা কান্নাকাটি করছেন। তাঁদের মুখে কোনো ভাষা নেই।
সার্জারি ওয়ার্ডে জরুরি অস্ত্রোপচারের জন্য আশঙ্কাজনক কয়েকজন রোগীর মধ্যে একজন হাসেম আলী। তিনি বলেন, ‘মেডিকেলের জেনারেটর দিয়াও অপারেশন হয় না। তাইলে হামারগুলার অপারেশন কী হবার নায়?’ একই ওয়ার্ডের জরুরি অস্ত্রোপচারের আরও একজন রোগী মোন্নাফ আলীও একই ধরনের কথা বললেন।