বন্ধ থাকা দুটি ট্যানারি খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা সামনে রেখে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম নগরের দুটি ট্যানারি আবারও চালু করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলেন, পশুর চামড়া ব্যবসার সঙ্গে প্রায় ২৫ হাজার পরিবার যুক্ত। মানবিক কারণে ওই দুটি ট্যানারি চালু করতে সরকারের প্রতি দাবি জানান চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতারা।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতারা। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি মো. সেকান্দর মিয়া। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সাধারণ সম্পাদক নূর আহমদ, উপদেষ্টা মুসলিম উদ্দিন প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, স্বাধীনতার পর থেকে চট্টগ্রামে প্রায় ২২টি ট্যানারিশিল্প স্থানীয় বাজার থেকে চামড়া সংগ্রহ করত। বন্ধ হতে হতে সর্বশেষ দুটি ট্যানারি চালু ছিল। কিন্তু পরিবেশদূষণের অভিযোগে নগরের জালালাবাদের মদিনা ট্যানারি ও কালুরঘাট এলাকার রিফ লেদার লিমিটেডও বছর খানেক আগে বন্ধ করে দেওয়া হয়। এই দুটি কারখানা স্থানীয় বাজার থেকে নগদ টাকায় ৭০ শতাংশ চামড়া সংগ্রহ করত। বাকি ৩০ শতাংশ ঢাকার ব্যবসায়ীরা নিয়ে যেতেন। কারখানা দুটি বন্ধ হয়ে যাওয়াতে ঢাকার ট্যানারিগুলো চট্টগ্রাম থেকে বাকিতে পশুর চামড়া কিনে নিয়ে যায়। চট্টগ্রামের আড়তদার ও ব্যবসায়ীরা এখনো ঢাকার ট্যানারিমালিকদের কাছে গত বছর বিক্রি করা পশুর চামড়ার টাকা পান।
লিখিত বক্তব্যে বলা হয়, পচনশীল চামড়া দ্রুত বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাবে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন বাধাগ্রস্ত হবে। এই শিল্পের সঙ্গে ২৫ হাজার পরিবার জড়িত। মানবিক দিক বিবেচনা করে চট্টগ্রামের ট্যানারি দুটি চালু রাখার দাবি জানান তাঁরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, কোরবানির ঈদে চট্টগ্রামে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ পশুর চামড়া সংগ্রহ করা হয়। চট্টগ্রাম, কক্সবাজার ছাড়াও তিন পার্বত্য জেলা থেকে আসা পশুর চামড়া নগরের আতুরার ডিপোর আড়তে আসে।
চামড়া ব্যবসায়ীদের দাবির বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় দুটি ট্যানারি বছর খানেক আগে বন্ধ করে দেওয়া হয়। কারণ, তারা মারাত্মকভাবে পরিবেশদূষণ করছিল। রিফ লেদার এখন ইটিপি বসানোর কাজ করছে। যদি হয়ে যায়, তখন পরিদর্শনের পর তাদের ছাড়পত্র দেওয়া হবে।