লালমনিরহাট রেল বিভাগের বন্ধ থাকা ১৩টি ট্রেন আগামীকাল বৃহস্পতিবার থেকে আবার নির্ধারিত সময়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে চলাচল শুরু করবে। আজ বুধবার বিকেল চারটায় লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফি নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট রেল বিভাগ সূত্র জানায়, ওই ১৩টি ট্রেনের মধ্যে বগুড়া এক্সপ্রেস (লালমনিরহাট-সান্তাহার-লালমনিরহাট) সকাল ৬টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল-লালমনিরহাট) ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।
কাঞ্চন এক্সপ্রেস (পার্বতীপুর-পঞ্চগড়–পার্বতীপুর) সকাল ৮টায় যাত্রা শুরু করবে। এরপর সকাল ৮টা ১০ মিনিটে বুড়িমারী কমিউটার (পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী) ছেড়ে যাবে। পার্বতীপুর লোকাল (বুড়িমারী-লালমনিরহাট-পার্বতীপুর) সকাল ৯টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে।
লালমনি এক্সপ্রেস ট্রেনটি (লালমনিরহাট–ঢাকা–লালমনিরহাট) সকাল ১০টা ২০ মিনিটে যাত্রা শুরু করবে। পার্বতীপুর কমিউটার (বুড়িমারী-লালমনিরহাট-পার্বতীপুর) বেলা একটায় যাত্রা শুরু করবে। এরপর বেলা ১টা ৩০ মিনিটে করতোয়া এক্সপ্রেস (সান্তাহার-লালমনিরহাট-বুড়িমারী) ছেড়ে যাবে। পদ্মরাগ এক্সপ্রেস (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার) ট্রেনটি বেলা দুইটায় ছেড়ে যাবে।
বিকেল ৫টা ৫ মিনিটে কুড়িগ্রাম শাটল (লালমনিরহাট-কুড়িগ্রাম-লালমনিরহাট) যাত্রা করবে। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে করতোয়া এক্সপ্রেস (বুড়িমারী-লালমনিরহাট-সান্তাহার) গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। বুড়িমারী লোকাল (পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে। বুড়িমারী কমিউটার (বিরল–লালমনিরহাট–বুড়িমারী) বেলা তিনটায় ছেড়ে যাবে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, টিকিট কেটে ও মাস্ক পরে যাত্রীদের ট্রেনে যাতায়াত করতে হবে। বিধিনিষেধে বন্ধ থাকা ট্রেনগুলো আবার চালু হওয়ায় সড়কপথের ওপর চাপ কমবে এবং স্বল্প ভাড়ায় আরামে যাত্রীরা যাতায়াতের সুবিধা পাবেন।