বন্ধ পাথর কোয়ারির পাশে গর্ত করে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু
বন্ধ পাথর কোয়ারির পাশে জমিতে গভীর গর্ত করে পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধসে এক পাথরশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে গর্ত ধসের এই ঘটনা ঘটে। কংস বিশ্বাস (৪০) নামের ওই শ্রমিক বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী উৎমা পাথর কোয়ারির পাশে ব্যক্তিমালিকানাধীন জমিতে গর্ত করে পাথর উত্তোলন করছিলেন।
নিহত কংস বিশ্বাস কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত গোপাল বিশ্বাসের ছেলে। দৈনিক মজুরির ভিত্তিতে কংস গর্তে পাথর তোলার কাজ করছিলেন।
কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উৎমা পাথর কোয়ারির আয়তন ৩০৫ দশমিক ৮৯ একর। কোয়ারি ইজারাবিহীন থাকায় পাথর উত্তোলন বন্ধ ছিল। বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) পাথর কোয়ারি ব্যবস্থাপনার নির্দেশনায় উল্লেখ আছে, কোনো পাথর কোয়ারির আশপাশ এলাকার জমি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ।
বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) পাথর কোয়ারি ব্যবস্থাপনার নির্দেশনায় উল্লেখ আছে, কোনো পাথর কোয়ারির আশপাশ এলাকার জমি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ।
স্থানীয় লোকজন জানান, পাথর কোয়ারি বন্ধ থাকায় আশপাশ এলাকার ব্যক্তিমালিকানাধীন জমিতে গভীর গর্ত খুঁড়ে পাথর উত্তোলন করছিলেন জমির মালিকেরা। মঙ্গলবার সকাল থেকে আবদুল মালিকের জমিতে গভীর গর্ত খুঁড়ে আলমগীর, শাহেদ ও মাকসিদুল নামের তিন ব্যক্তি পাথরশ্রমিক নিযুক্ত করে পাথর উত্তোলন করছিলেন। বেলা আড়াইটার দিকে গর্তের একটি পাড় ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শী দুজন পাথরশ্রমিক জানান, ঘটনার সময় গর্ত থেকে ট্রাক্টরে পাথর তুলছিলেন কংস। এ সময় গর্তের পাড় ধসে পড়ায় তিনি গর্তে পড়ে মাটিচাপা পড়েন। ঘণ্টাখানেক চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় জমির মালিক আবদুল মালিককে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আবদুল মালিকের বাড়ি উত্তর রনিখাই ইউপির বনপুর গ্রামে। নিহত কংস বিশ্বাস দৈনিক মজুরির ভিত্তিতে আবদুল মালিকের জমিতে খোঁড়া গর্ত থেকে পাথর তোলার কাজ করছিলেন।
এ ঘটনায় জমির মালিক আবদুল মালিককে আসামি করে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, নিহত কংস বিশ্বাস দৈনিক মজুরির ভিত্তিতে গর্তে পাথর তোলার কাজ করছিলেন। অভিযুক্ত আবদুল মালিকের বাড়ি উত্তর রনিখাই ইউপির বনপুর গ্রামে।
উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পাথর কোয়ারি বন্ধ রেখেছে বিএমডি। সিলেট জেলার চার উপজেলার সাতটি পাথর কোয়ারি রয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) তথ্য অনুযায়ী, এসব কোয়ারিতে ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ৯৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে ২০১৭ সালের ২৩ জানুয়ারি থেকে গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৭৮ জন শ্রমিক নিহত হন। এর মধ্যে অধিকাংশ শ্রমিক হতাহতের ঘটনা ঘটেছে কোম্পানীগঞ্জ উপজেলায়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য প্রথম আলোকে বলেন, বন্ধ পাথর কোয়ারির আশপাশ এলাকায় গর্ত করে পাথর উত্তোলন ও দুর্ঘটনার বিষয়টি সরেজমিন অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।