বন্ধই আছে সিলেট নগরের ৬ বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ভূমিকম্পের কারণে ঝুঁকিপূর্ণ হওয়ায় নগরের কয়েকটি বিপণিবিতান ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন। সেই নির্দেশ অনুযায়ী, আজ সোমবার থেকে বন্ধ রয়েছে নগরের জিন্দাবাজার এলাকার মিতালী ম্যানশন
ছবি: আনিস মাহমুদ

সিলেটে কয়েক দফায় ভূকম্পনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় নগরের ছয়টি বিপণিবিতান ও একটি দোকান ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে এসব বিপণিবিতান ও দোকান বন্ধ পাওয়া গেছে। নির্দেশনা মেনে এসব বিপণিবিতানের ব্যবসায়ীরা বেচাকেনা বন্ধ রেখেছেন।

গত শনিবার দিনে ও গতকাল রোববার ভোররাতে ছয়বার সিলেট নগর ও আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়। এর পরিপ্রেক্ষিতে দুদিন জরুরি সভা করে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ভূমিকম্পের আশঙ্কা থাকায় সভা থেকে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও সপ্তাহব্যাপী পর্যবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়। বিশেষ দলটি গতকাল বিকেলে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ করে নগরের ঝুঁকিপূর্ণ ছয়টি বিপণিবিতান ও একটি দোকান ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেয়। বিশেষ দলটিতে মেয়র ছাড়াও জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস, মহানগর পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি আছেন।

যেহেতু বিশেষজ্ঞেরা ভূমিকম্পের আশঙ্কা করছেন, তাই ঝুঁকি এড়াতে মেয়রের নির্দেশনায় বিপণিবিতান বন্ধ রাখা হয়েছে।
মাসুদ হোসেন খান, রাজা ম্যানশনের ব্যবসায়ী সমিতির সভাপতি

বন্ধের নির্দেশ দেওয়া বিপণিবিতানগুলো হচ্ছে সুরমা মার্কেট (তিনতলা), সিটি সুপার মার্কেট (তিনতলা), মধুবন সুপার মার্কেট (ছয়তলা), সমবায় ভবন মার্কেট (তিনতলা), মিতালী ম্যানশন (পাঁচতলা) ও রাজা ম্যানশন (তিনতলা)। নগরের জিন্দাবাজারের জেন্টস গ্যালারি (দুইতলা) নামের একটি দোকানকেও একই নির্দেশ দেওয়া হয়।
আজ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, নগরে বন্ধ করা ছয়টি বিপণিবিতানের প্রধান ফটক বন্ধ। কেবল ফটকের সামনে নিরাপত্তাপ্রহরীরা বসে আছেন। ক্রেতারা এসে বিপণিবিতান বন্ধ দেখে ফিরে যাচ্ছেন।

বিপণিবিতানগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশনার পর মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, বন্ধ রাখা বিপণিবিতান ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। ভূমিকম্পের ঝুঁকি এড়াতে কী করা যায়, তা নির্ধারণ করে পরবর্তী পরামর্শ দেওয়া হবে।

রাজা ম্যানশনের ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান বলেন, যেহেতু বিশেষজ্ঞেরা ভূমিকম্পের আশঙ্কা করছেন, তাই ঝুঁকি এড়াতে মেয়রের নির্দেশনায় বিপণিবিতান বন্ধ রাখা হয়েছে। মেয়র ১০ দিনের জন্য বন্ধ রাখতে বলেছেন, ব্যবসায়ীরা সাত দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত দিতে অনুরোধ জানিয়েছেন।

পনিটুলার ভবনটি হেলে পড়েনি


নগরের পনিটুলা এলাকার আহাদ টাওয়ার নামের একটি ছয়তলা ভবন ভূকম্পনের কারণে হেলে পড়েছে বলে গতকাল খবর ছড়িয়েছিল। পরে বিকেলে সিটি করপোরেশনের প্রকৌশলীরা পর্যবেক্ষণ শেষে ভবনটি হেলে পড়েনি বলে জানান। রাত নয়টার দিকে সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পনিটুলা এলাকার ওই আবাসিক ভবন আগামী ১০ দিন বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

আজ সকালে পনিটুলা এলাকার আহাদ টাওয়ারে গিয়ে দেখা যায়, ভবনে থাকা ১০টি পরিবারের একটিও সরে যায়নি। ভবনে থাকা বাসিন্দারা যথারীতি বসবাস করছেন। এ সময় ভবনের মালিক মো. আবদুল আহাদের মেয়ের স্বামী আশিকুর রহমান বলেন, তাঁদের ভবনটি হেলে পড়েনি। প্রকৌশলীরা পর্যবেক্ষণ শেষেই এমন মতামত দিয়েছেন। হেলে পড়ার বিষয়টি গুজব ছিল। সিটি করপোরেশনের জনসংযোগ শাখা ভুল বার্তা প্রচার করেছে।

এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ভবনটিতে ভূকম্পনের কারণে হেলে পড়ার কোনো ঘটনা ঘটেনি। তাই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ভবন বলা যাবে না। এ কারণে বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়নি। তবে এটা ঠিক, এ ভবন নির্মাণে যথাযথ নিয়ম মানা হয়নি। জনসংযোগ শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এমনটি হওয়ার কথা নয়। এটি সমন্বয়হীনতা। মূলত ওই ভবন ঝুঁকিপূর্ণ নয়।

এ বিষয়ে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুল আলিম শাহ বলেন, যেহেতু ভবনটি ঘিরে জনমনে একটি সন্দেহ তৈরি হয়েছিল, তাই তাৎক্ষণিকভাবে মেয়র ভবনের বাসিন্দাদের সতর্কতার অংশ হিসেবে নিরাপদে সরে যাওয়ার জন্য বলেছিলেন। এ কারণেই সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা উল্লেখ করা হয়েছিল। তবে ভবনটি হেলে পড়েনি।