বন্ধুকে পেয়ে রাস্তার পাশে খোশগল্প, প্রাণ কেড়ে নিল ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দীর্ঘদিন পর এক বন্ধুকে পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে খোশগল্পে মেতেছিলেন আশরাফুল ইসলাম (৩৮)। হঠাৎ একটি নিয়ন্ত্রণহীন ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ যায় তাঁর। দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল সাতটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর এলাকায়। নিহত আশরাফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আশরাফুল ইসলাম ও তাঁর বন্ধু রহিদুল ইসলাম সকালের দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় সিমেন্টবোঝাই দ্রুতগতির একটি ট্রাক আশরাফুলকে চাপা দেয়। পরে চালক অবস্থা বেগতিক দেখে ট্রাক ফেলে সটকে পড়েন। উত্তেজিত জনতা ট্রাকের সামনের কাচ ভেঙে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

দরবেশপুর গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও তাঁদের খামখেয়ালিপনার কারণে সড়কটিতে প্রতিনিয়ত প্রাণ ঝরছে। কোনো বিচার না হওয়ায় চালকদের বেপরোয়া গতি দিন দিন বাড়ছে। এ কারণে এলাকার মানুষ উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রেখেছিলেন। আশরাফুল ইসলাম অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় খোশগল্পে মেতেছিল। বেপরোয়া ট্রাক তাঁর প্রাণ কেড়ে নিল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান বলেন, দরবেশপুর এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। এর আগেও কয়েক দফা দুর্ঘটনা ঘটে। পুলিশ স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। চালককে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, একই স্থানে এক সপ্তাহ আগে সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তার পাশে থাকা একটি বিকল ইঞ্জিনের গাড়ির চালক ও হেলপার নিহত হন।