বন্ধুদের সঙ্গে ইফতার করতে যাওয়ার পথে দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চর পাথালিয়ায় দোলা পেট্রোলপাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই দুই শিক্ষার্থী হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের ভান্ডার খোলা গ্রামের রাকিব মোল্লার ছেলে তানভীর মোল্লা (১৯) ও একই গ্রামের মাহমুদ মিনার ছেলে মিনহাজ মিনা (১৭)। তানভীর খুলনা সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মিনহাজ স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী। তাঁরা দুজন সম্পর্কে খালাতো ভাই।
নিহত দুজনের মামা দ্বীন ইসলাম প্রথম আলোকে বলেন, তানভীর গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয় থেকে গত বছর এসএসসি পাশ করেন। সে কারণে গোপালগঞ্জে তাঁর অনেক বন্ধু রয়েছেন। বন্ধুদের সঙ্গে ইফতার করার জন্য মিনহাজের মোটরসাইকেলে করে দুজন মঙ্গলবার সন্ধ্যায় মোল্লাহাট থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন।
দ্বীন ইসলাম বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দোলা পেট্রোলপাম্পের কাছে পৌঁছালে মাওয়া থেকে ছেড়ে আসা সেতু ডিলাক্সের রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মিনহাজ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তানভীরকে গোপালগঞ্জ ২৫০ শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আবু সাইদ তাঁকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নূর-সোলাইমান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল–বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অন্যজন নিহত হন। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।