বন্ধুদের সঙ্গে মেঘনায় গোসলে নেমে কিশোরের মৃত্যু
নরসিংদী শহরের মেঘনা নদীতে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বেলা তিনটার দিকে শহরের নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া কিশোরের নাম আবদুল্লাহ খন্দকার (১৪)। সে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার বিল্লাল খন্দকারের ছেলে ও সাটিরপাড়া কালী কুমার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আবদুল্লাহর পরিবারের সদস্যরা জানান, সকালে স্থানীয় একটি কোচিং সেন্টারে ক্লাস শেষে বাসায় ফেরার পর আর বিদ্যালয়ে যায়নি আবদুল্লাহ। বেলা ১১টার দিকে শহরের সাটিরপাড়া এলাকার একটি শপিং মলে বাবার কাপড়ের দোকানে যায় সে। সেখান থেকে দুপুর ১২টার আগে কয়েকজন বন্ধুর সঙ্গে নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতুতে ঘুরতে যায়। সেখানে বন্ধুদের সঙ্গে আবদুল্লাহ মেঘনা নদীতে গোসলে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও আবদুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বেলা তিনটার দিকে কিশোরের লাশ উদ্ধার করেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের লিডার মকবুল হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনকে নিয়ে আমরা নদীতে উদ্ধার কাজ শুরু করি। পরে টঙ্গী ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল পাঠানোর জন্য যোগাযোগ করি। তারা রওনা হওয়ার ৩০ মিনিটের মধ্যেই কিশোরের লাশটি উদ্ধার করা হয়েছে।’
কিশোরের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।