বন্ধুদের সঙ্গে হাওরের পানিতে নেমে মারা গেল কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটে বন্ধুদের সঙ্গে হাওরের পানিতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় সিলেট বিমানবন্দর থানা এলাকার বাইশ‌টিলা উফতার থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম মোবারক হোসেন (১৫)। সে সিলেট নগরের বাদামবাগিচা এলাকার ১ নম্বর গলির রাজা মিয়ার বাসার ভাড়াটিয়া আবদুল ‌খালেকের ছেলে।

স্থানীয় ও পু‌লিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন শুক্রবার বিকেল চারটার দিকে ১০-১২ জন বন্ধুর সঙ্গে বিমানবন্দর বাইশটিলা এলাকার উফতার হাওরে‌ বেড়াতে যায়। বন্ধুদের সঙ্গে সে উফতার হাওরের পা‌নিতে গোসল করতে নামে। একপর্যায়ে মোবারক পানিতে ত‌লিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়‌টি জাতীয় জরু‌রি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানান। এরপর পু‌লিশ ঘটনাস্থলে আসে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফ‌ায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযো‌গিতা উফতার হাওরের আলিফ সি‌টি আবা‌সিক এলাকার পাশের ব্রিজের নিচ থেকে মোবারকের লাশ উদ্ধার করা হয়।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, বাইশটিলায় প্রতিদিন বিকেলে অনেকে যুবক-তরুণ আড্ডা দিতে ভিড় করেন। মোবারকও শুক্রবার বিকেলে ওই জায়গায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যায়। গোসল করতে নামার পর সবাই পা‌নি থেকে উঠে গেলেও মোবারক পা‌নিতে ত‌লিয়ে যায়। পরে পু‌লিশ ফায়ার সার্ভিসের ডুবু‌রি দলের সহযো‌গিতায় সন্ধ‌্যার দিকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।