বন্ধুর বাড়িতে যাওয়ার সময় ট্রাকের চাপায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বন্ধুর বাড়িতে যাওয়ার সময় পণ্যবোঝাই ট্রাকের চাপায় তরুণ নিহত হয়েছেন। একই সময় অপর এক ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহরাবহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম রাসেল মিয়া (১৯)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাসেল আজ সকালে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকার নিজ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈরে তাঁর বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। উপজেলার মহরাবহ এলাকায় পৌঁছালে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সময় অপর আরেকটি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।