বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে, মোংলায় ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যাকাণ্ড
প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে মো. শাহীন (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে মোংলা পোর্ট পৌরসভার ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন ওই এলাকার মো. একরামুল হকের ছেলে। তিনি মোংলা পোর্টে জাহাজের শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, রাতে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা শাহীনকে ছুরি মেরে পালিয়ে যান একই এলাকার ভাড়াটিয়া মো. মারুফ (৩৫)। তাঁরা পরস্পরের বন্ধু। সাবেক স্ত্রীকে বিয়ে করা নিয়ে মারুফের সঙ্গে শাহীনের বিরোধ তৈরি হয়। নিহত শাহীনের স্ত্রী নাদিরা বেগম আগে মারুফের স্ত্রী ছিলেন। হত্যার অভিযোগ ওঠা মারুফের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। পেশায় কাঠমিস্ত্রি মারুফ মোংলা পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

নিহত শাহীনের বড় বোন খাদিজা বেগম অভিযোগ করে বলেন, দেড় বছর আগে তাঁর ভাই মারুফের তালাক দেওয়া স্ত্রী নাদিরাকে বিয়ে করেন। এর পর থেকেই বিভিন্ন সময় মারুফ তাঁর ভাইকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এর জের ধরেই মারুফ তাঁর ভাইকে খুন করেন।

স্থানীয় দুজন প্রত্যক্ষদর্শী বলেন, রাত আটটার দিকে ছাড়াবাড়ি এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শাহীনকে মারুফ নামের ওই যুবক ছুরি মেরে পালিয়ে যান। তাঁরা রক্তাক্ত অবস্থায় শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই শাহীনের মৃত্যু হয়। তাঁর পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শাহীনের মৃত্যু হয়েছে বলে তাঁর ধারণা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মারুফ ও শাহীন পরস্পরের বন্ধু। শাহীন মারুফের স্ত্রী নাদিরা বেগমকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বলে অভিযোগ আছে। এ নিয়ে শাহীনের সঙ্গে মারুফের শত্রুতা তৈরি হয়। এর জের ধরেই এ খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকে মারুফ পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা–ও তদন্ত করে দেখা হচ্ছে।