সময়ের মুখ
বন্ধুরা পড়বে, আমি চা বিক্রি করব, এটা খুব কষ্ট দিত
পরিবারে আটটি মুখ। বাবার পক্ষে সবার খাবার জোটানোই কঠিন। তাই মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার আগেই পড়াশোনা ছেড়ে হারুন মিয়াকে চা বিক্রিতে নামতে হয়। তবে তাঁর পড়াশোনার ইচ্ছে মরে যায়নি। ২৪ বছর বয়সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন ময়মনসিংহের গৌরীপুরের এই হারুন মিয়া। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন কামরান পারভেজ।
প্রশ্ন :
প্রথম আলো: পড়াশোনার প্রতি আগ্রহটি টিকিয়ে রেখেছেন। কোন প্রেরণায়?
হারুন মিয়া: পড়াশোনা ছাড়া সমাজে মানুষের মূল্য কম। যে কারণে একবার পড়া ছেড়ে দিয়ে বাধ্য হয়ে আবার শুরু করেছি। এসএসসি পাস করার পর মনে হচ্ছে আমি কিছুটা হলেও প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করেছি। আরও পড়াশোনার সুযোগ আমার সামনে এসেছে।
প্রশ্ন :
প্রথম আলো: এসএসসি পাসের খবর পেলেন ১৫ ফেব্রুয়ারি। এইচএসসিতে ভর্তি হবেন?
হারুন মিয়া: হয়েছি। গৌরীপুর মহিলা কলেজের অধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি কোর্স চালু আছে। সেখানে ভর্তি হয়েছি।
প্রশ্ন :
প্রথম আলো: ভোর থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত চায়ের দোকান চালিয়ে পড়াশোনা কখন করলেন?
হারুন মিয়া: সারা দিন দোকান চালানোর পর বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় ১২টা বেজে যায়। রাতে খেয়ে পড়তে বসেছি। প্রায়ই রাত ৩টা পর্যন্ত জেগে পড়াশোনা করেছি।
প্রশ্ন :
প্রথম আলো: স্কুল ছেড়ে প্রথম যেদিন চায়ের দোকানে গেলেন, সেদিনের কথা মনে পড়ে?
হারুন মিয়া: আমি পড়াশোনা ছেড়েছিলাম ২০১০ সালে। খুব মন খারাপ লাগত। মনে হতো, বন্ধুরা একদিন কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন আমি চায়ের দোকানে কাজ করব। এটি মেনে নিতে খুব কষ্ট হয়েছিল।
প্রশ্ন :
প্রথম আলো: আপনার এসএসসি পাসের খবর শুনে মা–বাবা কী বলেছিলেন?
হারুন মিয়া: মা–বাবা আর ভাই-বোনেরা অনেক খুশি। রাত জেগে পড়াশোনা করে এসএসসি পাস করেছি, এটা তাঁদের কাছে খুব আনন্দের এবং অবিশ্বাস্য।
প্রশ্ন :
প্রথম আলো: পরিবারে এখন কতজন আছে?
হারুন মিয়া: দুই বোন আর দুই ভাই বিয়ে করে নিজেরা সংসার পেতেছেন। আমি, ছোট বোন, আর মা–বাবা একসঙ্গে থাকি। বাবা বাড়ি বাড়ি ফেরি করে সবজি বিক্রি করেন। মা বাড়িতে থাকেন। ছোট বোন এবার উচ্চমাধ্যমিক পাস করেছে। তার পড়াশোনার খরচ আমি আর বাবা মিলে চালাই।
প্রশ্ন :
প্রথম আলো: পড়াশোনা করতে কেউ কি উৎসাহ দিয়েছে?
হারুন মিয়া: অনেকেই উৎসাহ দিয়েছে। আমার চায়ের দোকানে শিক্ষক এমদাদুল হক, আবদুল মালেকসহ গৌরীপুরের অনেক শিক্ষিত মানুষ চা খেতে আসেন। তাঁদের আলোচনা শুনি। সেসব শুনে আবার পড়াশোনা করার ইচ্ছে জাগে। এই মানুষগুলোই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এসএসসি পাস করার পেছনে ভূমিকা রেখেছেন।
প্রশ্ন :
প্রথম আলো: শুনলাম, আপনি আপনার চায়ের দোকানের বর্ষসেরা গ্রাহক পুরস্কার দেন। এই চিন্তা কোথা থেকে এল?
হারুন মিয়া: ২০১৭ সাল থেকে এ সম্মাননা দেওয়া শুরু করেছি। খবরের কাগজে দেখি, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তাদের সেরা গ্রাহকদের সম্মাননা দেয়। সে থেকেই এই চিন্তা।
প্রশ্ন :
প্রথম আলো: সেরা গ্রাহকদের কী পুরস্কার দেন?
হারুন মিয়া: তেমন কিছু না। কোম্পানির কাছ থেকে চা কেনা বাবদ কিছু কিছু জিনিস ফ্রি (বিনা মূল্যে) পাওয়া যায়। সেগুলো বছর ধরে জমাই। নিজেও কিছু কিনি। মূলত প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী। এটা মূলত কৃতজ্ঞতা প্রকাশের আয়োজন।
প্রশ্ন :
প্রথম আলো: বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে চায়ের দাম অর্ধেক রাখার কারণ কী?
হারুন মিয়া: বীর মুক্তিযোদ্ধাদের চা খাওয়ার টাকার অভাব নেই। কিন্তু আমি চায়ের দাম অর্ধেক রাখি বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে।
প্রশ্ন :
প্রথম আলো: চা বিক্রি করে আয় কত?
হারুন মিয়া: দিনে ২০০-৩০০ টাকা থাকে।
প্রশ্ন :
প্রথম আলো: শেষ প্রশ্ন। পড়াশোনা কত দূর করবেন?
হারুন মিয়া: আমার ইচ্ছা আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া।