রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভা আয়োজিত শহীদ মাহমুদ হাবিব হিমেল স্মৃতি আন্তহল বিতর্ক প্রতিযোগিতায় শহীদ হবিবুর রহমান হল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল। রাকসু ভবন প্রাঙ্গণে গত ২৫ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতার সমাপনী হয় আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে।
ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে এই প্রতিযোগিতায় প্রথম দিনের তিন রাউন্ড বিতর্ক শেষে আজ বিকেল চারটায় বিতর্কের সমাপনী অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর ও সহযোগিতায় ছিল রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন।
বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুরুজ সর্দারের সভাপতিত্বে আলোচনা সভায় উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, সহ–উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও সুলতান-উল-ইসলাম, প্রক্টর আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে, আইন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক রাদিয়া আউয়াল, বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক সিফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে বিশ্ববিদ্যালয় বন্ধুসভার জেন্ডার–সমতাবিষয়ক সুমাইয়া জেসমিন অরিন ও ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম সঞ্চালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার ক্যাম্পাসে ট্রাকচাপায় মাহমুদ হাবিবের নিহতের কথা স্মরণ করে বলেন, আর কখনো যেন এমন ঘটনা না ঘটে।
বিতর্ক শেষে বিশ্ববিদ্যালয়ের মেন্টাল হেলথ সাপোর্ট ক্লাবের পক্ষে বন্ধুসভার আয়োজনে আত্মহত্যাবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। আত্মহত্যা প্রতিরোধ সপ্তাহ ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্লাবটি এই আয়োজন করে।