বন্য প্রাণী বিক্রি করতে এসে পরিবেশকর্মীদের ফাঁদে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে শনিবার দুপুরে পরিবেশকর্মীদের সহযোগিতায় দুটি বানর ও বালি হাঁস উদ্ধার করা হয়
ছবি: প্রথম আলো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত বালিহাঁস, বানরসহ বিভিন্ন বন্য প্রাণীর ছবি পোস্ট দিয়ে কেনাবেচা করতেন রাসেল মিয়া (৩৭)। ‘শিকদার এমডি রাসেল’ নামের প্রোফাইল থেকে তিনি এসব পোস্ট দিতেন। এ ছাড়া বন্য প্রাণী কেনাবেচার জন্য ফেসবুকে ‘বালিহাঁস ও কালিম পাখিপ্রেমীদের আড্ডা’ নামের একটি গ্রুপ খুলে পোস্ট করতেন রাসেল। এসব পোস্ট নজরে পড়ে সিলেটের পরিবেশকর্মীদের। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী ও পরিবেশকর্মী অরুপ শ্যাম বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় রাসেল মিয়াকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতেন। এতে অংশ নেয় র‌্যাব-৯ ও সিলেট মহানগর পুলিশের পৃথক দল।

পরিবেশকর্মীদের পাতা ফাঁদে পা দিয়ে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের শাহি ঈদগাহ এলাকা থেকে রাসেল মিয়াকে আটক করে র‌্যাব-৯–এর একটি দল। এ সময় তাঁর কাছ থেকে খাঁচায় বন্দী দুটি বানরের বাচ্চা ও দুটি বালিহাঁস উদ্ধার করা হয়। এসব পাখি ও বানরের বাচ্চা বিক্রির জন্য কাগজের তৈরি ফলের বাক্সের ভেতরে খাঁচায় ভরে নিয়ে এসেছিলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশকর্মীদের চোখ ফাঁকি দিতে তিনি বিকল্প এই পথ বেছে নেন বলে জানান পরিবেশকর্মীরা।

আবদুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, একটি চক্র ক্রেতাদের সঙ্গে যোগাযোগের পর যাচাই-বাছাই করেই এসব বন্য প্রাণী বিক্রি করতে সম্মত হয়। গত শুক্রবার রাসেলের সঙ্গে যোগাযোগ করার পর বিভিন্ন কথাবার্তার একপর্যায়ে দুটি বানর ও দুটি বালিহাঁস বিক্রির জন্য দরদাম করা হয়। এরপর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আজ সকাল থেকে নগরের শাহি ঈদগাহ এলাকায় অবস্থান নেন। বিক্রেতা রাসেল বানর ও বালিহাঁস নিয়ে আসার পর বেশ কয়েকবার অবস্থান পরিবর্তন করে অবশেষে শাহি ঈদগাহ এলাকার একটি দোকানে আসতে বলেন। সেখানে যাওয়ার পর বন বিভাগের কর্মকর্তা ও র‌্যাবের সহায়তায় তাঁকে আটক করা হয়।

পরিবেশকর্মী অরূপ শ্যাম বলেন, বন্য প্রাণী আটক করে কেনাবেচা করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এরপরও একটি চক্র এসব কাজ করছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। চক্রটি ফেসবুকে পোস্ট দিয়ে এসব ব্যবসা করলেও সেদিকে নজর দিচ্ছে না কেউ। রাসেল নামের ওই ব্যক্তি সিলেট থেকে দেশের বিভিন্ন জায়গায় এসব বন্য প্রাণী বিক্রি করে আসছেন বলে জানিয়েছেন। তাঁর সঙ্গে একটি চক্র জড়িত। শাহি ঈদগাহ এলাকার ফয়সাল নামের আরও এক ব্যক্তিসহ বেশ কয়েকজন জড়িত বলে জানা গেছে। ফাঁদ পেতে অবৈধ এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটকের সময় ফয়সাল বিভিন্নভাবে বাধা দিয়েছেন বলেও জানান তিনি।

বন বিভাগের সিলেট টাউন রেঞ্জের মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘উদ্ধার করা দুটি বানর, দুটি বালিহাঁসসহ একজনকে আটক করে র‌্যাবের সদস্যরা আমাদের কাছে আজ বিকেলে হস্তান্তর করেছেন। নিয়মিত নজরদারির পরও এসব কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। পরিবেশবাদী সংগঠনগুলো বিষয়গুলোয় গুরুত্বের সঙ্গে নজর রেখে আমাদের সহযোগিতা করে যাচ্ছে।’ আটক ব্যক্তির বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী রোববার মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।