বন্য প্রাণী রক্ষায় নিবেদিতপ্রাণ ‘বাঘবন্ধু’ আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২০ সালে চট্টগ্রামের পাহাড়ি বনে বাঘ তল্লাশি করতে যান মো. আলম হাওলাদার
ছবি: সংগৃহীত

১৯৯৮ সাল! আলম তখন পঞ্চম শ্রেণির ছাত্র। সুন্দরবন-সংলগ্ন তাঁদের গ্রামে ঢুকে পড়ে একটি রয়েল বেঙ্গল টাইগার। গ্রামে বাঘ ঢুকেছে এই আতঙ্কে লোকজন জড়ো হয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। বাঘের আক্রমণে আহতও হন কয়েকজন। পরের বছর আবারও একটি বাঘ আসে, সেবারও একই পরিণতি ঘটে। বিষয়টি দাগ কাটে আলমের কিশোর মনে।

২০০৩ সালে সুন্দরবনে ঘুরতে গিয়ে আলম কটকা এলাকায় একদল বিদেশির দেখা পান। জানতে পারেন, তাঁরা বাঘ নিয়ে কাজ করেন। বাঘ নিয়ে গবেষণা করা ওই দলটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ দেখান আলম। তাঁর ধারণা ছিল, তাঁদের সঙ্গে কাজ করতে পারলে ‘বাঘ-মানুষের দ্বন্দ্ব’ কমিয়ে প্রাণীটি রক্ষায় কাজ করতে পারবেন তিনি।

ফিরে এসে বন বিভাগসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন আলম। পরের বছর ২০০৪ সালে ‘সুন্দরবন টাইগার প্রজেক্ট’ নামে বাঘ সুরক্ষার একটি প্রকল্পে ডাক আসে তাঁর। অবশেষে বাঘ ও বন্য প্রাণী নিয়ে কাজ করার সুযোগ পান তিনি। পরিবারের বাধা উপেক্ষা করে তিনি ওই প্রকল্পে যুক্ত হন। তবে এর মধ্যে বড় একটি দুর্ঘটনা ঘটে যায়। ২০০৭ সালে সুন্দরবনে গোলপাতা সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারান আলমের বড় ভাই জাহাঙ্গীর হাওলাদার। ভাইকে হারিয়ে তখন আলম ভাবতে থাকেন, আর কারও যেন এমন মৃত্যু না হয়, সে জন্য কাজটা তাঁকে করতেই হবে।

আলম প্রথম আলোকে বলেন, ‘ভাইয়ের মৃত্যু আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়। ওই ঘটনার পর বাঘ নিয়ে কাজ করতে দিতে চাইতেন না মা। আমি তাঁকে বুঝাই, ভাই মারা গেছেন; আর কারও ভাই যেন মারা না যান, সে জন্য কাজ করতে হবে। পরে মায়ের দোয়া নিয়ে শুরু করি। প্রতিজ্ঞা করি, বনে কিংবা গ্রামে কোনো প্রাণীকে আর নির্বিচার হত্যা হতে দেব না। পাশাপাশি মানুষ যাতে প্রাণীর প্রতি আরও যত্নশীল হয় সে ব্যাপারেও কাজ করে যাব।’

বাগেরহাটের শরণখোলার ধানখেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন আলম
ফাইল ছবি

বাঘসহ বন্য প্রাণী রক্ষায় ও মানুষকে সচেতন করতে সেই থেকে শুরু মো. আলম হাওলাদারের সংগ্রাম। এখন তাঁর বয়স ৩২। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় ১৬ বছরের বেশি সময় ধরে বন্য প্রাণী রক্ষায় কাজ করছেন তিনি। এ সময়ে তিনি লোকালয়ে চলে আসা প্রায় ৪০টি বাঘ বনে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন। শুরুতে বাঘ নিয়ে কাজ করলেও এখন কাজ করেন সব ধরনের বন্য প্রাণী নিয়ে। এখন স্থানীয়ভাবে মানুষ তাঁকে চেনে ‘বাঘবন্ধু আলম’ নামে।

আলম বলেন, ‘শুরুর দিকে গ্রামে বাঘ এলে মানুষকে আটকানো যেত না। তাঁরা বাঘ পিটিয়ে মারতে চাইত। বাধা দিতে গেলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতো আমাদের। সাতক্ষীরার চণ্ডীপুর ও খুলনার লাউডোবে গিয়ে আমরা গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়েছিলাম। বাঘ রক্ষায় গিয়ে তখন নিজেরাই ঝুঁকিতে পড়ে যাই।’

মানুষ এখন অনেক সচেতন। সুন্দরবনে অপরাধও অনেক কমেছে। তবে বিষ দিয়ে মাছ শিকার, বন্য প্রাণী শিকারসহ বেশ কিছু অপরাধ এখনো বন্ধ হয়নি। এখন আর আগের মতো লোকালয়ে বাঘ চলে আসে না। প্রাণী ও বন রক্ষায় আমাদের আরও কাজ করতে হবে।
মো. আলম হাওলাদার

আলমের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভোলা-বলেশ্বর ভারানি খাল পার হলেই সুন্দরবন। নানা ধরনের বন্য প্রাণী বন থেকে লোকালয়ে চলে আসা দেখতে দেখতেই বড় হয়েছেন তিনি। বাঘ ছাড়াও লোকালয়ে আসা শতাধিক কিং কোবরা, পাইথনসহ বিভিন্ন প্রজাতির সাপ, হরিণ, শূকর ও বানর সুন্দরবনে ফিরিয়ে দিয়েছেন আলম। এখন পর্যন্ত সুন্দরবনে বাঘের আক্রমণে আহত জেলে-বাওয়ালি, মৌয়ালসহ ১৪ জনকে উদ্ধার করে চিকিৎসা করিয়েছেন তিনি। উদ্ধার করেছেন বাঘের আক্রমণে নিহত পাঁচজনের মরদেহ। এখন সুন্দরবনের শরণখোলা রেঞ্জ-সংলগ্ন কোনো এলাকায় কোনো বন্য প্রাণী লোকালয়ে চলে এলেই ডাক পড়ে আলমের। তিনি প্রাণীটিকে উদ্ধার করে আবার বনে ফিরিয়ে দেন।

২০০৯ সালে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের মাধ্যমে নেপালে গিয়ে হাতেকলমে প্রশিক্ষণ নেন আলম (ডান দিক থেকে দ্বিতীয়)
ছবি: সংগৃহীত

আলম বলেন, মানুষ এখন অনেক সচেতন। সুন্দরবনে অপরাধও অনেক কমেছে। তবে বিষ দিয়ে মাছ শিকার, বন্য প্রাণী শিকারসহ বেশ কিছু অপরাধ এখনো বন্ধ হয়নি। এখন আর আগের মতো লোকালয়ে বাঘ চলে আসে না। প্রাণী ও বন রক্ষায় আমাদের আরও কাজ করতে হবে। বন সুরক্ষা ও বন্য প্রাণী রক্ষায় সবাইকে আরও গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে বনসংলগ্ন মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে বনের ওপর চাপ কমানোর পরামর্শ দেন তিনি।

বন্য প্রাণী রক্ষায় আলম বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এ জন্য বিদেশেও গেছেন তিনি। বাঘ গণনার জন্য ক্যামেরা ট্র্যাপিং ও বন্য প্রাণী সংরক্ষণে প্রশিক্ষণের জন্য ২০০৯ সালে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের মাধ্যমে নেপালে গিয়ে হাতেকলমে প্রশিক্ষণ নেন তিনি।