বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান আবু তৈয়ব
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত আটটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নারিশ্চা সাপলেজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই কৃষকের নাম আবু তৈয়ব (৫৮)। তাঁর বাড়ি একই গ্রামে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. পারভেজ বলেন, কৃষক আবু তৈয়ব তাঁর বাড়ি থেকে চায়ের দোকানে যাচ্ছিলেন। অন্ধকারে সড়কে একটি বন্য হাতি এসে দাঁড়িয়ে ছিল। আবু তৈয়ব হেঁটে আসতেই বন্য হাতিটির সামনে গিয়ে পড়েন। হাতিটি তাঁকে শুঁড় দিয়ে তুলে পায়ের নিচে পিষ্ট করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের লোকজনকে পাঠানো হয়। হাতিটি লোকালয়ে নেই, বনে ফিরে গেছে। ধান পাকার মৌসুমে বন্য হাতি খাবারের খোঁজে লোকালয়ে আসে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।