বন্যাকবলিত তিন জেলার ১৩৫৯টি মোবাইল নেটওয়ার্ক সাইট সচল: বিটিআরসি
দেশের বন্যাদুর্গত তিন জেলা সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার ২ হাজার ৫২৮টি মোবাইল নেটওয়ার্ক সাইটের মধ্যে ১ হাজার ৩৫৯টি ইতিমধ্যে সচল হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হালনাগাদ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা—এই তিন জেলায় ২ হাজার ৫২৮টি সাইটের মধ্যে ৪০৩টি সাইট বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের আওতাবহির্ভূত রয়েছে। তবে ইতিমধ্যে ১ হাজার ৩৫৯টি অচল সাইট অপারেটরদের সার্বিক প্রচেষ্টায় সচল করা হয়েছে।
অবশিষ্ট অচল সাইটগুলো অতি দ্রুত সচল করার আশাবাদ জানিয়ে বিটিআরসি বলেছে, অপারেটরদের অক্লান্ত পরিশ্রম ও বন্যাদুর্গত এলাকায় পানির পরিমাণ কিছুটা কমতে শুরু করায় অপারেটরদের অচল সাইটগুলো ক্রমান্বয়ে সচল হচ্ছে।
সংশ্লিষ্ট মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের মাধ্যমে নেটওয়ার্ক সচল ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে প্রয়োজনীয় জেনারেটর, অপটিক্যাল ফাইবার ও পর্যাপ্ত জ্বালানি তেলের জোগান দেওয়ার ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানায় বিটিআরসি।