বন্যাদুর্গত মানুষের সহায়তা দিতে রংপুরে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। রংপুরে ৫০ মেট্রিক টন চাল এবং নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরে এই ৪ জেলায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া পীরগঞ্জে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের কাজ চলছে।
আজ শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এসব কথা বলেন।
বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে প্রতিমন্ত্রী বলেন, দুর্গত এলাকায় চার হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। প্রতি খাবার প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ। এ ছাড়া গোখাদ্য ও শিশুদের খাবারের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে প্রতিন্ত্রী পীরগঞ্জের হিন্দু বাড়িতে হামলা ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ তৎপরতা প্রসঙ্গে বলেন, যে রাতে ঘটনা ঘটে, শেখ হাসিনার নির্দেশে তার পরদিন সকালে শুকনা খাবার দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘর নির্মাণের জন্য ২০০ বান্ডিল টিন দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘অস্থায়ীভাবে বসবাসের জন্য তাঁবুও দেওয়া হয়েছে। এলাকা পরিদর্শন করে তাঁবুগুলো দেখতেও পেয়েছি। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নতুন টিন দিয়ে নির্মাণ করে দেওয়া হচ্ছে। এ কাজ অব্যাহত আছে।’