আকস্মিক বন্যা
বন্যার পর উত্তরাঞ্চলের চার জেলায় ভাঙন
ভাঙনে দুর্ভোগে রংপুর, কুড়িগ্রামের মানুষ। লালমনিরহাটে তিস্তা ব্যারাজ এলাকায় সড়ক ভেঙে গেছে। নীলফামারীতে স্পার বাঁধে ভাঙন।
আকস্মিক বন্যার পর এবার নদীভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর মানুষ। রংপুরের গঙ্গাচড়ায় নদীতীরবর্তী এলাকা থেকে পানি নেমে গেছে। কিন্তু ভাঙনের কারণে মানুষের দুর্ভোগ কমেনি। লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় সাড়ে ১২ হাজার মানুষ এখনো পানিবন্দী। হাতীবান্ধার বড়খাতা-রংপুর ও নীলফামারীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামেও। নীলফামারীতে দুটি স্পার বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতীরবর্তী গ্রামে আকস্মিক বন্যা দেখা দেয়। উপজেলার ৭ ইউনিয়নের আনুমানিক ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের পশ্চিম ইছলি এলাকার কৃষক আবদুল মালেক বলেন, ‘হঠাৎ নদীর বানোত হামার ঘরবাড়ি ভাসি গেল। অন্যের বাড়িত আশ্রয় নিছি। নতুন করি যে ঘরবাড়ি তুলমো, সেই টাকাও নাই। যা সম্পদ আছলো, তাও নদীত ভাসি গেইছে।’
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, পশ্চিম ইছলি গ্রামের ফজলুল হকের দুটি টিনের ঘর, বাড়ির আসবাব নদীতে ভেসে গেছে। লন্ডভন্ড হয়ে গেছে তাঁর আলু ও মিষ্টিকুমড়ার খেত। তিনি বলেন, ‘এসব ফসল ফলাতে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছি। এখন ঋণের টাকা কীভাবে শোধ করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন, ত্রাণ প্রতিমন্ত্রী বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। নতুন করে চাল ও টাকা বরাদ্দ হয়েছে। প্রতিটি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে।
লালমনিরহাটের তিস্তা ব্যারাজ এলাকার ফ্ল্যাট বাইপাস সড়কটি ভেঙে হাতীবান্ধা উপজেলার বড়খাতা-রংপুর ও নীলফামারীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের বাসিন্দা আছিয়া বেগম বলেন, ‘তিস্তা নদীর বানের পানি আসি হামার ঘরবাড়ি ভাসি নিয়া গেইছে। তার সাথে ধরি গেইছে কাপড়চোপড়, হাঁড়িপাতিল, হাঁস-মুরগি ও ছাগল।’
গতকাল উপজেলার দহগ্রাম ইউনিয়নে সরেজমিনে দেখা গেছে, তিস্তা নদীর বন্যার পানি কমে গেলেও ওই ইউনিয়নের আশপাশের মহিমপাড়া, গুচ্ছগ্রাম, সর্দারপাড়াসহ ১০ গ্রামের চলাচলের আঞ্চলিক সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় দেখা গেছে, ঘরের চালগুলো যত্রতত্র ফেলে রাখা হয়েছে। অনেকে ঘর সরাতে, গাছ কাটতে ব্যস্ত। এখান থেকে দুই কিলোমিটার দূরে ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়ার ও রসুলপুর। সেখানে গিয়ে দেখা যায়, দুধকুমার নদের স্রোত উত্তর দিক থেকে এসে ধনুকের মতো ভাঙছে। ইতিমধ্যে ২০টি পরিবার বসতভিটা হারিয়েছে।
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়ন এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী, শৌলমারী, কৈমারী ইউনিয়নের বিভিন্ন এলাকা। সরকারি হিসাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় সাত হাজার ধরা হলেও এ সংখ্যা প্রায় দেড় গুণ। পাউবো সূত্রে জানা গেছে, উপজেলার কালীগঞ্জে স্পার বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গুলমুন্ডা ইউনিয়নের ডাউয়াবাড়ী ও ভেন্ডাবাড়ীতেও স্পার বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর; প্রতিনিধি, নীলফামারী, কুড়িগ্রাম ও পাটগ্রাম, লালমনিরহাট]